দেবীদ্বারে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের মামলায় যুবক কারাগারে

কুমিল্লার দেবীদ্বারে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণপূর্বক প্রায় এক মাস আটক রেখে ধর্ষণের অভিযোগে সাকিব আহাম্মেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক সাকিব আহাম্মেদ (২৭), দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর গ্রামের (দক্ষিণ পাড়া- ছামার বাড়ী)’র বীর মুক্তিযোদ্ধা মনু মিয়ার ছেলে। ভিক্টিম কিশোরী মুরাদনগর উপজেলার গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
শুক্রবার দুপুরে আটক অভিযুক্ত সাকিব আহাম্মেদকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন ও ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষা শেষে ম্যাজিস্ট্রেটের নিকট নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ২২ ধারায় রেকর্ড করেন।
গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসানের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের সহায়তায় কোতয়ালী থানার নূরপুর দক্ষিণ পাড়া এলাকার তাহমিনা আক্তারের বাড়ীর নিচ তলার ভাড়া বাসা হতে সাকিব আহাম্মেদ (২৭) কে আটক করা হয় এবং সাথে ভিক্টিম (১৩ বছর ১ মাস)কে উদ্ধার করা হয়। ভিক্টিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সাকিব আহাম্মেদ ও তার খালা সালমা আক্তার রেখা বেগম(৪৫)কে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
তিনি তার মামলার বিবরনীতে উল্লেখ করেন, তার নাবালিকা মেয়ে গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। গত ২৯ অক্টোবর সকাল অনুমান ১০টার সময় তার বান্ধবীর সাথে দেখা করার জন্য দেবীদ্বার উপজেলার চাটুলী গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর পৌছলে, পূর্ব থেকে উৎ পেতে থাকা সাকিব ও অপর আসামী তার খালা সালমা আক্তার রেখা এবং অজ্ঞাত নামা আসামীদের সহায়তায় তার নাবালিকা মেয়েকে রাস্তা হতে জোরপূর্বক অহপরণ করে প্রাইভেট কার যোগে তুলে নিয়া যায়। ঘটনার পর থেকে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বহু জায়গায় খোঁজা- খুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আটক সাকিব আহাম্মেদের মা জানান, আমি যতদুর জেনেছি তাদের প্রেমের সর্ম্পকের বিয়ে হয়, বয়স কম হওয়ায় মেয়েকে অনেক বুঝিয়েও বাড়িতে পাঠাতে পারিনি। বয়স হলে পারিবারিকভাবে বিয়ে করিয়ে ঘরে তুলে আনার কথা বলি। মেয়েটি কোন ভাবেই মানাতে পারিনি। ছেলে এবং মেয়ে স্ব-ইচ্ছায় বিয়ে করে কুমিল্লায় স্বামী স্ত্রী হিসেবে প্রায় মাসখানেক ধরে ভাড়া বাসায় থাকে বলেও শুনেছি। এখন শুনি আমার ছেলের বিরুদ্ধে অপহরন মামলা হয়েছে।
তবে শুক্রবার দুপুরে কোর্ট হাজতখানায় থেকে অভিযুক্ত সাকিব আহাম্মেদ জানান,ভিকটিম আমার বিবাহিত স্ত্রী তার সাথে তার বছরখানেক ধরে প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিমকে আমি অপহরণ করিনি বরং সে স্ব-ইচ্ছায় আমার কাছে চলে এসেছে। আমরা একে অপরকে ভালোবেসে বিবাহ করি। কিছুদিন পূর্বে আমার শাশুড়ী ফোনে যোগাযোগ করে আমাদের ভাড়া বাসায় এসে সমাধানের কথা বলে বাসা চিনে চলে যায় এবং বৃহস্পতিবার রাতে সাথে করে পুলিশ নিয়ে এসে আমাকে আটক করে আমার স্ত্রীকে নিয়ে যায়।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান জানান, ভিক্টিমের মায়ের অভিযোগের ভিত্তিতে অপহরণ মামলা দায়ের করি। মেয়েটি নাবালিকা। অপহরণকারী ও ভিক্টিমকে আটক ও উদ্ধার করে আদালতে পাঠিয়েছি।

















