নাঈমের মৃত্যু নিয়ে ব্যস্ত নানা পক্ষ, স্ত্রীর দাবি ‘স্ট্রোকেই মৃত্যু’
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নাঈমের মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা ও প্রচার হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নাঈমের স্ত্রী হোসনেয়ারা দাবি করেছেন, তার স্বামীকে কেউ হত্যা করেনি; তিনি স্ট্রোক করেই মারা গেছেন।
গণমাধ্যমের সামনে হোসনেয়ারা বলেন, ‘আমার স্বামী স্ট্রোক করে মারা গেছেন। তাকে কেউ মেরে ফেলেনি।’
হোসনেয়ারার ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে তিনি, তার স্বামী নাঈম ও সন্তানরা একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে নাঈম জানান, তার শরীর খারাপ লাগছে। পরে তিনি বারান্দায় গিয়ে ছটফট করতে করতে মারা যান। পরিস্থিতি এমন ছিল যে তাকে হাসপাতালে নেওয়ার সুযোগও পাননি পরিবারের সদস্যরা।
নাঈমের স্ত্রী বলেন, এর আগেও তার স্বামী একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এবারও স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে বলে তিনি মনে করছেন।
হোসনেয়ারা আরও জানান, নাঈম প্রায় সাত বছর গোলাম সারোয়ারের ফার্মে কর্মরত ছিলেন। তবে গত এক বছর ধরে তিনি বাড়িতেই থাকতেন। কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন প্রয়োজনে গোলাম সারোয়ার তাদের পরিবারকে সহযোগিতা করতেন বলেও জানান তিনি।
নাঈমের মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের প্রচার বা আলোচনা হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান হোসনেয়ারা।
এদিকে, নাঈমের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা চললেও তার স্ত্রীর বক্তব্য অনুযায়ী, তিনি স্ট্রোক করেই মারা গেছেন। মৃত্যুর কারণ সম্পর্কে কোনো আইনগত বা চিকিৎসাবিষয়ক নিশ্চিত তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।













