ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করেছে হার্ট কেয়ার ফাউন্ডেশন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ ক্যাম্পে কুমিল্লা প্রেসক্লাবের সদস্যসহ কর্মরত সাংবাদিকরা বিনামূল্যে হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেন।
ক্যাম্পে ইসিজি, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন চিকিৎসকরা।
কর্মব্যস্ততা, অনিয়মিত জীবনযাপন, দীর্ঘ কর্মঘণ্টা ও মানসিক চাপের কারণে সাংবাদিকদের মধ্যে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও সম্ভব হয় না। এমন বাস্তবতায় সাংবাদিকদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসক দলের নেতৃত্ব দেন হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ। তিনি সাংবাদিকদের বিভিন্ন শারীরিক সমস্যা, হৃদরোগের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে পরামর্শ দেন।
ক্যাম্প শুরুর আগে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেন, “বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সাংবাদিকদের হৃদরোগের ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। সাংবাদিকরা প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অনেক সময় উপেক্ষা করেন। তাই তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের সুযোগ করে দেওয়াও আমাদের সামাজিক দায়িত্বের অংশ।”
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাদিক হোসেন মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন হার্ট কেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. মল্লিকা বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা. গোলাম শাহজাহান, সদস্য ডা. রেজাউল করিম, কোষাধ্যক্ষ কমরেড আনোয়ার হোসেন, সাংবাদিক খায়রুল আহসান মানিক ও ইনার হুইল ক্লাবের সভাপতি অ্যাডভোকেট তাসলিমা বেগমসহ অন্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় দীর্ঘ সময় কাজ, অনিয়মিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত বিশ্রাম ও মানসিক চাপের মধ্যে থাকেন। সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ক্যাম্পে অংশ নেওয়া সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পরীক্ষা করান এবং চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
চিকিৎসকরা হৃদরোগের প্রাথমিক লক্ষণ, ঝুঁকির কারণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সচেতন করেন।
আয়োজকরা জানান, সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।






















