সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ বছর ধরে মেধার সন্ধানে বরুড়া মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

বরুড়া প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৬ এএম
২৫ বছর ধরে মেধার সন্ধানে বরুড়া মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

একটি ছোট্ট উদ্যোগ কখনো কখনো হয়ে ওঠে প্রজন্ম গড়ার দীর্ঘ প্রত্যয়। কুমিল্লার বরুড়ার মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মেধা অন্বেষণ কার্যক্রম যেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা। ২০০১ সালে শুরু হওয়া সেই পথচলার ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬।

মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত এবারের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে চতুর্থ ও সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা। আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ৯টায় মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নাম আগামী ২৯ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা।

৮০ শিক্ষার্থীর জন্য বৃত্তির সুযোগ:
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় চতুর্থ ও সপ্তম শ্রেণি মিলিয়ে মোট ৮০টি বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ১০টি ট্যালেন্টপুল, ১০টি সাধারণ এবং ২০টি করে স্কুলভিত্তিক বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের পড়াশোনায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

৫০ নম্বরের পরীক্ষায় মেধার মূল্যায়ন:
মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৫০ মিনিট। এর মধ্যে বাংলায় ১০, ইংরেজিতে ১৫, গণিতে ১৫ এবং সাধারণ জ্ঞান তথা সামাজিক বিজ্ঞানে ১০ নম্বর থাকবে।

আয়োজকদের প্রত্যাশা, একটি সুস্থ ও ইতিবাচক প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাবে। একই সঙ্গে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস আরও বাড়বে।

মেধার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা:
শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশেও গুরুত্ব দেওয়া হয়েছে এবারের আয়োজনে। মেধাবৃত্তি পরীক্ষার পাশাপাশি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে বালক ও বালিকারা দেশাত্মবোধক গান ও গজল পরিবেশনের সুযোগ পাবে।

আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীর নাম পাঠানো যাবে। তালিকায় শিক্ষার্থীর নামের পাশাপাশি পিতা-মাতার নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের তালিকা সত্যায়িত করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

২৫ বছরের প্রত্যয় মেধা খুঁজে বের করা:
মুকুন্দপুরের বাসিন্দা তাজিরুল ইসলাম বলেন, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘ ২৫ বছর ধরে এ মেধা অন্বেষণ কার্যক্রম চালিয়ে আসছেন। এর মূল উদ্দেশ্য বরুড়া উপজেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের শিক্ষাজীবনে উৎসাহ জোগানো।

তিনি বলেন, শুধু ভালো ফল করা শিক্ষার্থীদের সামনে এগিয়ে দেওয়া নয়, কোনো কারণে যারা পড়াশোনা থেকে ঝরে পড়ার পথে, তাদেরও আবার শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে উৎসাহিত করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। মেধাবী ও যোগ্য প্রজন্ম গড়ে উঠলে তার সুফল শুধু একটি পরিবারে সীমাবদ্ধ থাকে না; তা ছড়িয়ে পড়ে সমাজ ও রাষ্ট্রের পরিসরেও।

তাজিরুল ইসলাম আরও বলেন, দীর্ঘদিনের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা তৈরি করছে। একই সঙ্গে তারা নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশাও রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে এ ধরনের মেধা অন্বেষণমূলক আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করে। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের জন্য এমন প্রতিযোগিতা নিজেদের প্রতিভা তুলে ধরার একটি কার্যকর ক্ষেত্র তৈরি করে।

মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের এবারের আয়োজনের মূল প্রত্যয়—‘মেধার বিকাশে উৎসাহ, শিক্ষার উন্নয়নে অঙ্গীকার।’ ২৫ বছর আগে যে উদ্যোগের বীজ রোপিত হয়েছিল, সময়ের স্রোতে তা এখন স্থানীয় শিক্ষার্থীদের কাছে একটি প্রত্যাশিত মেধা অন্বেষণ কর্মসূচিতে পরিণত হয়েছে। শিক্ষার আলোয় নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার সেই অভিযাত্রায় ৩১ অক্টোবরের মেধাবৃত্তি পরীক্ষা হয়ে উঠছে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা কালু মেম্বার গ্রে*ফ*তার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:১৯ পিএম
কুমিল্লায় আওয়ামী লীগ নেতা কালু মেম্বার গ্রে*ফ*তার

Oplus_131072

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়ন ও দল পুনর্গঠনে গোপন বৈঠকের অভিযোগ

কুমিল্লার ২ নম্বর উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ কমিটির সদস্য মো. খোরশেদ আলম কালু মেম্বারকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আসন্ন ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরায় সুসংগঠিত করার তৎপরতা চলছিল। এ লক্ষ্যে কালু মেম্বারসহ সংশ্লিষ্ট কয়েকজন একাধিক গোপন বৈঠক করেছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলকে পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে কালু মেম্বারকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে জানতে কোতোয়ালি মডেল থানা পুলিশের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে।

পুলিশের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

 

ব্রাহ্মণপাড়ায় ঝমকালো আয়োজনে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০৫ এএম
ব্রাহ্মণপাড়ায় ঝমকালো আয়োজনে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঝমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মরহুম সাঈদুর রহমান সৈয়দ স্মৃতি হুন্ডা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে লাড়ুচোঁ যুব ও সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ খেলায় যুক্তগ্রাম ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে মানব কল্যাণ সংগঠন হোমনা।

খেলায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি এবং উচ্ছ্বাসে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা এলাকাবাসী প্ল্যাটফর্মের অ্যাডমিন মোঃ সোহেল রানা ভূঁইয়া। সভাপতিত্ব করেন প্ল্যাটফর্মের প্রধান উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মোঃ শাকিরুল ইসলাম।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমরা এলাকাবাসী প্ল্যাটফর্মের পরিচালক মোঃ মিজানুর রহমান সরকার এবং পৈরাংকুলের বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল মাজেদ চৌধুরী, বি.কম। শুভ উদ্বোধক ছিলেন প্ল্যাটফর্মের অ্যাডমিন জনাব ইমন ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন বিএসসি, মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার, মোঃ আব্দুল লতিফ, আলহাজ্ব মোঃ শরিফ আহমেদ (স্বত্বাধিকারী, শরিফ জুয়েলার্স), এম এ কাউসার, মোঃ এস এম সাইফুল ইসলাম, মোঃ শিমুল সরকার নোমান ও মোঃ মেহেদী হাসান। তাঁরা সবাই আমরা এলাকাবাসী প্ল্যাটফর্মের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উপস্থিত ছিলেন পান্না গ্রুপের লাড়ুচোঁ এলাকার ডিলার এস এম জাহের এবং সেলস এক্সিকিউটিভ কামরুল হাসান।

খেলায় প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন জনপ্রিয় ধারাভাষ্যকার, ‘কথার জাদুঘর’ ও ‘কথার খেলোয়াড়’ ধারাভাষ্যকার কবি দেলোয়ার। প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ভিপি ময়নাল।

খেলাটি পরিচালনায় ছিলেন জাহাঙ্গীর আলম বিডিআর, শেখ জাকির হোসেন, শেখ শরীফ সোহাগ, শেখ সিহাব, রুবেল সরকার ও রাকিবুল হাসান।

আয়োজক সংগঠন লাড়ুচোঁ যুব ও সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক জামান সরকার। তাঁরা এ আয়োজন সফল করতে সহযোগিতাকারী, অতিথি, খেলোয়াড় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আবারও নির্বাচনী মাঠে সাবিনা

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম
মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আবারও নির্বাচনী মাঠে সাবিনা

আবারও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করতে চান সাবিনা, অঙ্গীকার ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবায়

এলাকাবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আগামী নির্বাচনে আবারও জনপ্রতিনিধি হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জান্নাতুল ফেরদৌস মজুমদার সাবিনা। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করে ওয়ার্ডগুলোর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি।

জান্নাতুল ফেরদৌস মজুমদার সাবিনা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার সমিতির সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাঁদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রয়োজনের কথা শোনার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, পুনরায় নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখা, নারী ও শিশুদের কল্যাণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে কাজ করতে চান।

তিনি বলেন, “মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব—ইনশাআল্লাহ। এলাকার মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাই আমার পথচলার মূল শক্তি। জনপ্রতিনিধি হিসেবে মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, পদ-পদবি নয়, মানুষের ভালোবাসা অর্জন এবং এলাকার মানুষের সেবা করাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সুযোগ পেলে মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখতে চান তিনি।

আগামী নির্বাচনকে সামনে রেখে জান্নাতুল ফেরদৌস মজুমদার সাবিনা ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।

তাঁর প্রত্যয়—”ছিলাম, আছি, থাকব; মানুষের পাশে, মানুষের সেবায়।”

×