মনোহরগঞ্জে অস্ত্র-মাদকসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
কুমিল্লার মনোহরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি ও মারামারি সংক্রান্ত মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. নাছির উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর সরসপুর ইউনিয়নের ভাউপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মনোহরগঞ্জ থানার এসআই (নিঃ) টিটু কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মো. নাছির উদ্দিন ভাউপুর (মির্জা বাড়ি) এলাকার আবদুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, নাছির উদ্দিনের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি ও মারামারি সংক্রান্ত মামলায় মোট চারটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এসব পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনোহরগঞ্জ থানা এলাকায় বিশেষ তৎপরতা চালিয়েছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে অপ্রয়োজনে বা বিনা কারণে সন্ধ্যার পর বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার সময় ৪২ জনকে থানায় নেওয়া হয়।
পরে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয় এবং নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মনোহরগঞ্জ থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
















