সাবেক কাউন্সিলর আব্দুর রহমানকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুর রহমানকে জড়িয়ে সম্প্রতি প্রচারিত একটি সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার ছড়ানো হলে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এক লিখিত প্রতিক্রিয়ায় আব্দুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে যে সংবাদটি প্রচার করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সংবাদে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। যথাযথ তথ্য যাচাই না করেই তার বিরুদ্ধে মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে, যা তার ব্যক্তি-সম্মান, সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।
তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
আব্দুর রহমান আরও বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি সম্পর্কে সংবাদ বা তথ্য প্রকাশের আগে অবশ্যই সত্যতা যাচাই করা প্রয়োজন। যাচাইবিহীন ও মিথ্যা তথ্য প্রচার ব্যক্তি, সমাজ এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।
তিনি স্পষ্টভাবে জানান, ভবিষ্যতে কেউ তার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রচার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সকলের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, গুজব ও অপপ্রচার থেকে বিরত থেকে সত্য ও যাচাইকৃত তথ্য প্রচারে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।



















