সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

এবার নম্বর টেম্পারিংয়ের অভিযোগ কুবি অধ্যাপকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৩:৪৯ পিএম
এবার নম্বর টেম্পারিংয়ের অভিযোগ কুবি অধ্যাপকের বিরুদ্ধে
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

অভিযোগ-বিতর্ক পিছু ছাড়ছেনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বনানী বিশ্বাসের। নিজের পদোন্নতি বোর্ডে নিজেই সভাপতিত্ব করা, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষার্থী দিয়ে বাজার করানো, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আইন না মেনে একই সঙ্গে দুই পদে বহাল থাকাসহ নানা বিতর্কের পর এবার নম্বর টেম্পারিংয়ের অভিযোগ ওঠেছে তাঁর বিরুদ্ধে।

ভুক্তভোগীরা অভিযোগ করছেন, সর্বশেষ স্নাতকোত্তর ২০১৯-২০ শিক্ষাবর্ষের থিসিস এবং ভাইভাতে নম্বর টেম্পারিং করেছেন এই অধ্যাপক। এসব বিষয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি বিভাগের একজন শিক্ষক ও বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও ক্ষোভ প্রকাশ করেন। তাছাড়া গত কয়েক দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে নম্বর টেম্পারিং-এর রেজাল্ট শীটসহ বিষয়টি নিয়ে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, স্নাতকে ভালো ফলাফলধারীরা স্নাতকোত্তর ২য় সেমিস্টারে থিসিস করার সুযোগ পেয়ে থাকেন। যেখানে সর্বনিম্ন সিজিপিএ ৩.২৫ হলে শিক্ষার্থী তার পছন্দ শিক্ষকের অধীনে থিসিস করতে পারবেন। একজন শিক্ষকের অধীনে সর্বোচ্চ তিনজন শিক্ষার্থী এই থিসিস পেপার করার নিয়ম রয়েছে।

স্নাতকোত্তর ২০১৯-২০ শিক্ষাবর্ষে বনানী বিশ্বাসের অধীনে ৩ জন, অধ্যাপক ড. এমএম শরীফুল করিমের অধীনে ২ জন, সহকারী অধ্যাপক আবুল হায়াতের অধীনে ৩ জন ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানার অধীনে ২ জনসহ মোট ১২ জন থিসিস করার সুযোগ পেয়েছিলো।

এতে চূড়ান্ত ভাইভা বোর্ডে বনানী বিশ্বাস এবং শারমিন সুলতানার বিরূপ আচরণের শিকার হন আবুল হায়াত ও শরীফুল করিমের অধীনে থিসিস করা শিক্ষার্থীরা। হায়াত ও শরিফুলের অধীনে থিসিস করা শিক্ষার্থীদের ‘সি+’ ও ‘বি-’ গ্রেডে নম্বর দেয়া হয়, যেখানে বনানী ও শারমিনের অধীনে থিসিস করা শিক্ষার্থীরা পেয়েছে ‘এ’ এবং ‘এ+’ গ্রেডে। এতে ফল বিপর্যয় ঘটে শিক্ষার্থীদের।

 

ভুক্তভোগী শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় নামের একটি গ্রুপে লিখেছেন, আমাদের স্বপ্ন ছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্তু ইংরেজি বিভাগে পড়ে আমার জীবন শেষ। স্নাতকে আমার রেজাল্ট অনেক ভালো ছিলো। কিন্তু স্নাতকোত্তরে এক ঘষেটি বেগমের বদ নজর পড়েছে আমাদের ওপর। এর কারণ হচ্ছে আমরা অন্য শিক্ষকদের অনুসরণ করি। যাকে আমরা অনুসরণ করি বনানী ম্যাম তাকে একদম সহ্য করতে পারেন না। আর বলি হলাম আমরা। আমাদের এমনভাবে আটকানো হলো, যাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নিয়োগে আবেদন না করতে পারি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, এর আগে স্নাতকোত্তর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দুইজন শিক্ষার্থী ১ম সেমিস্টারে অন্যান্য কোর্সে ‘এ’ এবং ‘এ-’ পেলেও বনানীর কোর্সে পায় ‘বি’ ও ‘বি-’।

ভুক্তভোগীদের অভিযোগ, তারা যেন পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন করতে না পারে সেজন্য কোর্স শিক্ষক ইচ্ছাকৃতভাবে নম্বর কমিয়ে দিয়েছেন। একই ব্যাচের দুইজন শিক্ষার্থী পরবর্তী সেমিস্টারে শরিফুল করীমের অধীনে থিসিস করায় নম্বর কমিয়ে দেয় বনানী বিশ্বাসের ঘনিষ্টজন শিক্ষক শারমিন সুলতানা। ফলে তারা পেয়েছেন ‘বি-’। এটা কোনভাবে গ্রহণযোগ্য না বলে জানান বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক।

স্নাতকোত্তর ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থী বলেন, একাধিক সেমিস্টারে ১ম, ২য় হওয়ার শিক্ষার্থীরা কিভাবে ভাইবাতে ‘সি’ এবং ‘সি+’ পায়! আমরা রেজাল্ট প্রকাশ হওয়ার আগে জানতাম যারা বনানী ম্যামের অধীনে থিসিস করবে তারা ভাইভাতে ‘এ+’ বা ‘এ’পাবে। রেজাল্ট প্রকাশের পর সেটাই হয়েছে। কারণ আমরা জানি তিনি পছন্দের শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা করেন।

ভুক্তভোগী আরেক শিক্ষার্থী বলেন, আমরা অন্যান্য কোর্সে ভালো করলেও ম্যামের কোর্সে ভালো করতে পারিনা। কারণ উনি নির্দিষ্ট কয়েকজনকে নম্বর দেন। এছাড়া ওনার অধীনের থিসিস না করায় তিনি আরও ক্ষুব্ধ। যার ফলে এর প্রভাব পরীক্ষার রেজাল্টে দেখতে পাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগটির একাধিক এমন ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তাঁরা বলছেন, শিক্ষক শিক্ষকরা নম্বর টেম্পারিং করলে উচ্চশিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠে। একজন শিক্ষকের নৈতিকতা বিসর্জন দিয়ে এরকম কাজ করা উচিত নয়। শিক্ষার্থীরা যেকোনো শিক্ষকের অধীনে থিসিস করতেই পারে। এটা তাদের ব্যক্তিগত বিষয়। সেক্ষেত্রে কেন শিক্ষককের ব্যক্তিগত আক্রোশ শিক্ষার্থীদের ফলাফলের উপর পড়বে? এটা কোনভাবে কাম্য নয়।

কেন বিশ্ববিদ্যালয়ে নাম্বার টেম্পারিং হচ্ছে? এবিষয়ে একই বিভাগের সহযোগী অধ্যাপক এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনার পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, শিক্ষকদের দ্বন্দ্বের কারণে কেন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে? এটা এক ধরণের অপরাধ। একজন শিক্ষকের নৈতিকতা থাকলে এই কাজ করা সম্ভব না।

তবে শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন অধ্যাপক ড. বনানী বিশ্বাস। এরপর তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

এদিকে, সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও ফেসবুকে তার বিরুদ্ধে করা নম্বর টেম্পারিংয়ের অভিযোগকে মিথ্যা ও উস্কানিমূলক দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিভাগটির অধ্যাপক বনানী বিশ্বাস।

গত রবিবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় করা জিডিতে বনানী বিশ্বাস সামাজিকভাবে হেয় প্রতিপন্নের হাত থেকে রক্ষা পেতে এবং সুষ্ঠু তদন্তের আবেদন করার পাশাপাশি নিরাপত্তাহীনতার কথাও উল্লেখ করেন। এর আগে গত ৩০ মার্চ ফেসবুকের একটি গ্রুপে করা বেনামি একাধিক পোস্টের সূত্র ধরে থানায় জিডি করেন তিনি।

আর নম্বর টেম্পারিং ও নিজের বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন বিভাগটির সহকারী অধ্যাপক শারমিন সুলতানা। তিনি জানান, এটা সম্পূর্ণ মিথ্যাচার, আমার অধীনে থিসিস করা শিক্ষার্থীরা ‘এ’ এবং ‘এ+’ পায় নি। থিসিসের ভাইভায় আমার সুপারভিশনে যারা থিসিস করেছে তাদের মধ্যে ‘বি-‘ পাওয়া শিক্ষার্থীও আছে। সুতরাং আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা বানোয়া এবং ভিত্তিহীন।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বনানী বিশ্বাস ও শারমিন সুলতানার বিরুদ্ধে স্নাতকোত্তর শিক্ষার্থীদের নম্বর টেম্পারিং এর বিষয়ে অবগত ছিলাম না। এখন যেহেতু জানলাম, শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করলে আমরা যথাযথ ব্যবস্থা নিব। সেটা যেই হোক, প্রমাণ পেলে আমরা বিষয়টি দেখবো।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

দীপা রানী সরকার : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। মাদকাসক্ত কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মারামারি এবং র‍্যাগিংয়ের মতো ঘটনায় জড়িত হচ্ছে। এতে নবীন ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে।

 

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

– বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত তদারকি

– মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা

– র‍্যাগিং ও সহিংসতা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন

– শিক্ষার্থীদের নিরাপত্তায় হল প্রশাসনের সক্রিয় নজরদারি বৃদ্ধি

– মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ

– শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে নিয়মিত ডোপ টেস্ট চালু

 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান মিঞা বলেন, “কুবির আবাসিক হলগুলো গাঁজাসেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বহিরাগতদের প্রশ্রয় দিয়ে হলের ছাদে গাঁজা খাওয়া হচ্ছে। আমরা খুবই শঙ্কিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মাদকের পক্ষে অবস্থান নিয়েছে?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রভোস্টদের সঙ্গে বৈঠক হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পূর্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রসঙ্গত, এর আগে মাদক সম্পৃক্ততার কারণে ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিকতা বাতিলসহ একাডেমিক বহিষ্কার করা হয়েছিল।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
Skip to toolbar