সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

কুমিল্লা সদর আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি কে এই মান্নান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:২৯ পিএম
কুমিল্লা সদর আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশি কে এই মান্নান চৌধুরী
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে হঠাৎ আলোচনায় উঠে এসেছে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী’র নাম। ইতোমধ্যে তিনি অনলাইনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন। এর আগে তিনি দেখা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এরপর থেকেই তার বিষয়ে খোঁজ-খবর নিতে শুরু করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও রাজনৈতিক মহল। সর্বত্রই চলছে তাঁকে নিয়ে আলোচনা। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী’র বাড়ি কুমিল্লা মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ঢুলিপাড়া এলাকায়।নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা সদর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাথমিক তালিকায় আ ক ম বাহাউদ্দিন বাহার ও আঞ্জুম সুলতানা সীমার নাম থাকলেও গত এক সপ্তাহ ধরে আবদুল মান্নান চৌধুরীর নামটি আলোচনায় আসে। এরই মধ্যে তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন। মূলত: এর পর থেকেই তাঁর বিষয়ে গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক মহলসহ নানা অঙ্গনে খোঁজখবর নেওয়া শুরু হয়। বরেণ্য এ শিক্ষাবিদের বিষয়ে জানতে আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জেলার স্থানীয় নেতৃবৃন্দের কাছে তথ্য চেয়েছেন বলে জানা গেছে। সূত্র জানায়, ড. আবদুল মান্নান চৌধুরীর বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহ প্রকাশ করার পর থেকেই তাকে ঘিরে এ তোরজোড় শুরু হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ করে জমা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নির্বাচন করতে কুমিল্লায় আসতে বলেন তাহলে তো ‘না’ করার সুযোগ নেই।

 

সংক্ষিপ্ত জীবনী:

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী ১৯৫৯ সালের দিকে স্কুলে থাকাবস্থায় ছাত্রলীগের সংস্পর্শে আসেন এবং ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে কুমিল্লা জিলা স্কুলের শতবর্ষের ইতিহাসে প্রথম ধর্মঘটে নেতৃত্ব দেন। ছাত্রাবস্থায় তিনি ছাত্রলীগের একজন প্রথম সারির নেতা এবং ছাত্রলীগের সাংস্কৃতিক ফ্রন্ট, শিল্প ও সাহিত্য সংঘের যথাক্রমে সাহিত্য সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। ছাত্রলীগের হয়ে ফজলুল হক হলে দু’বার নির্বাচিত সদস্য ছিলেন। মহসিন হলে দু’বছর কেবিনেট না থাকলেও সে হলে দলের স্বার্থেই তিনি প্রায় দু’বছর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ৬ দফা কর্মসূচি ঘোষিত হলে ছাত্রলীগ তাতে দ্ব্যার্থহীণ সমর্থন করেন। ১৯৬৬ সালের ৬ দফা দিবসে কার্জন হলের সামনে পিকেটিং কালে তিনি পাকিস্তানি পুলিশের লক্ষ্যভ্রষ্ট গুলির মুখোমুখি হয়েও দৈবক্রমে আজও বেঁচে আছেন। ১১ দফার আন্দোলনেও তিনি ওৎপ্রোতভাবে যুক্ত ছিলেন এবং ৬৯ সালের গণঅভ্যুত্থানে পর বিএলএফ বা বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের কার্যক্রমে গভীর ভাবে জড়িয়ে পড়েন।

মুক্তিযুদ্ধ শুরুর পূর্বে ৩ মার্চ সকাল ১১টায় বটতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তিনি স্বাধীনতার প্রস্তাব উত্থাপন করেন। বস্তুত: এই প্রস্তাবটি ছিল ছাত্রদের পূর্বেই শিক্ষকদের স্বাধীনতা ঘোষণার নামান্তর।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনানুষ্ঠানিক থিংক ট্যাংকেরও সদস্য হবার সৌভাগ্য তাঁর হয়েছিল যা বঙ্গবন্ধুকে নিরন্তর তথ্যাদি দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করত। বঙ্গমাতা মাধ্যমে এসব তথ্যের আদান-প্রদান করেছিলেন। বিশ^বিদ্যালয়ের ১২৮ জন শিক্ষকদের অন্যতম হিসেবে বঙ্গবন্ধুর নিকট ক্ষমতা হস্তান্তরের দাবীতে বিবৃতি দিয়েছিলেন। ৮ ডিসেম্বর শত্রুমুক্ত হলে তিনি কুমিল্লার যুদ্ধোত্তর প্রশাসনিক কাঠামো গড়ার কাজে জড়িত হন। ঢাকা ফিরে বিশ^বিদ্যালয়ে পূর্ণযোগদান করেন। তিনি মাত্র ৩৮ বছর বয়সে ১৯৮৭ সালে অধ্যাপক মনোনীত হন এবং ১৯৯২ সালে সিলেকশান গ্রেড পান। ২০১২ সালে তিনি ঢাকা বিশ্ববদ্যিালয়ের সিলেকশান গ্রেড প্রফেসর এবং এমআইএস বিভাগের প্রধানের পদে আসীন হন।

 

২৫ মার্চের ক্র্যাকডাউনের পর কুমিল্লায় প্রতিরোধ যুদ্ধে তিনি অংশ নেন। তারপর ৭ই এপ্রিল ১৯৭১ সালে সীমান্ত অতিক্রম করে কুমিল্লার যোদ্ধাদের সহায়তায় মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার স্বরূপ পূর্বাঞ্চলের একমাত্র মুখত্র বাংলাদেশ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও কলাম লেখকের দায়িত্ব নেন। তারপর মুজিব বাহিনীর ক্রমান্বয়ে সহ কোষাধ্যক্ষ ও কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেন। স্বল্প সময়ের মধ্যেই পূর্বাঞ্চল মুজিব বাহিনীর প্রধান উনাকে মুজিব বাহিনীর মূল কাঠামোতে অন্তর্ভূক্ত করলে তিনি রিক্রুটমেন্ট, ট্রেনিং, ইনডাকশান, সমন্বয় ও সুপারভিশনের ঝুঁকিময় দায়িত্ব পালন করেন। তদুপরি শেখ মনি পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অভিযাত্রার কালে পূর্বাঞ্চল মুজিব বাহিনীর সাময়িক প্রধান এবং এই বাহিনীর প্রতিনিধি হিসেবে যৌথ কমান্ডের সাথে সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

 বঙ্গবন্ধুর সপরিবারে নির্মম হত্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তিনি প্রতিশোধের উদ্যোগ নেন। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানিয়ে তিনি রাষ্ট্রদ্রোহিতার অভিযুক্ত হয়েছিলেন যার ফলে দেশে টিকতে না পেরে ১৯৭৮ সালে দেশ ছাড়তে বাধ্য হন। ১৯৮৫ সালে নাইজেরিয়ার চাকুরী ছেড়ে দেশে প্রত্যাবর্তন করেন।

শেখ হাসিনা যখন বিরোধী দলের নেত্রী তখন তিনি গোপনে তার সাথে দেখা করতেন যা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকান্ড চালাতে সহায়ক ভূমিকা পালন করেছিল। ১৯৯২ সালে সূচিত ঘাতক দালাল নির্মূল আন্দোলনের প্রধান পৃষ্ঠ-পোষক ছিলেন জননেত্রী শেখ হাসিনা। শহীদ জননী জাহানারা ইমাম ছিলেন এই আন্দোলনের আহবায়ক ও ড. চৌধুরী ছিলেন তার সদস্য-সচিব। এই আন্দোলনের কারণে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় ও তাঁকে একজন আসামী করা হয়। এই আন্দোলনের ধারাবাহিকতায় ঘাতক রাজাকার ও যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়ে এখনও তা চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকাবস্থায় বিশ্ববিদ্যালয়কে বস্তি মুক্ত করে, সন্ত্রাস প্রশমিত করে এবং এরশাদ বিরোধী আন্দোলনে অভূতপূর্ব অবস্থানে ছিলেন। সিনেট সদস্য থাকাকালে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে হল সৃষ্টির ও দেশরত্ন শেখ হাসিনার নামে অনারারী ডক্টরেট ডিগ্রি প্রদানের প্রস্তাব করেন। সলিমুল্লাহ হলের প্রভোস্ট হিসেবে হলের সংস্কার ও শৃঙ্খলায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বহুবিধ কর্মকান্ডে নিরন্তর জড়িয়ে থেকেও অন্তত: ২১টি বই রচনা বা সম্পাদনা করেন। তিনি বঙ্গমাতার নামে স্মারক গ্রন্থ প্রকাশ ও তার নামে হল নির্মাণের প্রস্তাব করে তাকে পাদপ্রদীপের আলোতে নিয়ে আসেন। দীর্ঘকাল যাবত তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি।

ড. চৌধুরী’র বড় ছেলে ঢাকা বিশ্নবিদ্যালয় থেকে পড়াশুনা শেষে ডারহাম থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে তাঁর চেয়ে বহু কষ্ট সৃষ্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছেন। মেঝো ছেলে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব সায়েন্স থেকে এমবিবিএস এবং স্কটল্যান্ড থেকে এমআরসিএস ডিগ্রি নিয়েও সিঙ্গাপুরে চাকুরী করছেন। ছোট ছেলে ম্যাসাচুছেট বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষকতায় নিয়োজিত।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

দীপা রানী সরকার : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। মাদকাসক্ত কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মারামারি এবং র‍্যাগিংয়ের মতো ঘটনায় জড়িত হচ্ছে। এতে নবীন ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে।

 

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

– বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত তদারকি

– মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা

– র‍্যাগিং ও সহিংসতা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন

– শিক্ষার্থীদের নিরাপত্তায় হল প্রশাসনের সক্রিয় নজরদারি বৃদ্ধি

– মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ

– শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে নিয়মিত ডোপ টেস্ট চালু

 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান মিঞা বলেন, “কুবির আবাসিক হলগুলো গাঁজাসেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বহিরাগতদের প্রশ্রয় দিয়ে হলের ছাদে গাঁজা খাওয়া হচ্ছে। আমরা খুবই শঙ্কিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মাদকের পক্ষে অবস্থান নিয়েছে?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রভোস্টদের সঙ্গে বৈঠক হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পূর্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রসঙ্গত, এর আগে মাদক সম্পৃক্ততার কারণে ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিকতা বাতিলসহ একাডেমিক বহিষ্কার করা হয়েছিল।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
Skip to toolbar