বুধবার, ৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
বুধবার, ৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

মানবিক ইকুর জন্য দোয়া কামনা

মোহাম্মদ কাজী নুর আলম : প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৮:০৪ পিএম
মানবিক ইকুর জন্য দোয়া কামনা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ইকরাম হোসেন ইকু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া কামনা করা হয়েছে। তিনি বর্তমানে সি.ডি প্যাথ হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
ইকরাম হোসেন ইকু কুমিল্লা সিটি করপোরেশনের সফল মেয়র মনিরুল হক সাক্কুর একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। এলাকায় তিনি দলমত নির্বিশেষে সবার কাছে মানবিক ইকু নামে পরিচিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বহু হামলা-মামলার শিকার হন।
ইকু নগরীর ৬ নং ওয়ার্ড শুভপুর সর্দার বাড়ির সন্তান এবং ৬ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও জামায়াতে ইসলামী নেতা মু. মোশাররফ হোসেনের ছোট ভাই। ইকুর অসুস্থতার খবর পেয়ে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সহ বিএনপি-জামায়াতের বিভিন্ন নেতা-কর্মী তাকে দেখতে হাসপাতালে ভিড় জমিয়েছেন।
ইকরাম হোসেন ইকু মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া কামনা করা হয়েছে।

বদলে যাচ্ছে চৌদ্দগ্রামের গ্রামীণ জনপদ: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্পে নতুন আশার আলো

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৩৪ এএম
বদলে যাচ্ছে চৌদ্দগ্রামের গ্রামীণ জনপদ: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্পে নতুন আশার আলো

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আর্থিক সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো গ্রামীণ জনপদের চিত্র বদলে দিচ্ছে। বিশেষ করে উপজেলার কনকাপৈত ও জগন্নাথদিঘী ইউনিয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় জনগণের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এক সময়ের কর্দমাক্ত মাটির রাস্তা আর জীর্ণ সাঁকোর বদলে এখন নির্মিত হচ্ছে আধুনিক টেকসই হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা এবং আরসিসি রাস্তা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আর্থিক সহায়তায় বাস্তবায়িত এসব প্রকল্পের সুফল সরাসরি ভোগ করছেন ইউনিয়নগুলোর হাজার হাজার মানুষ।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, আগে যেসব গ্রামীণ রাস্তা সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ত, বর্তমানে সেই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে সাধারণ মানুষ। একসময় কাদা-জলের কারণে ছাত্র-ছাত্রীদের স্কুল-কলেজে যাতায়াত ব্যাহত হতো এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসল সময়মতো বাজারজাত করতে না পেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন। এমনকি মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতেও পোহাতে হতো চরম ভোগান্তি। এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এসব নাগরিক সুবিধা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছেছে।

উপজেলার কনকাপৈত ইউনিয়নের একাধিক প্রকল্প পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে জানান, প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে তাদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হয়েছে। এখন খুব সহজেই পণ্য পরিবহন ও দৈনন্দিন কাজ সম্পন্ন করা যাচ্ছে।

এ বিষয়ে কনকাপৈত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মীর হোসেন জানান, “দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় চলমান প্রকল্পগুলোর কাজের মান নিয়ে তারা অত্যন্ত সচেতন। বর্তমানে বাস্তবায়িত কাজের মান আগের যেকোনো সময়ের চেয়ে উন্নত এবং টেকসই”।

একই চিত্র দেখা গেছে জগন্নাথদিঘী ইউনিয়নেও। সেখানকার সাধারণ মানুষ জানান, নতুন রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের ফলে পানি-কাদা থেকে তারা মুক্তি পেয়েছেন।

জগন্নাথদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম বলেন, “আমরা সরকারের নির্ধারিত নীতিমালা মেনে এবং শতভাগ স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পগুলো বাস্তবায়ন করছি। কাজের সর্বোচ্চ মান ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য, এখন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকেও প্রতিটা কাজের যথাযথ তদারকি করছেন।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এই গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ধারা অব্যাহত থাকলে চৌদ্দগ্রামের প্রতিটি ইউনিয়ন একটি মডেল জনপদে পরিণত হবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

চৌদ্দগ্রামে “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনা-২৪ ও ২৫ এর মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৩২ এএম
চৌদ্দগ্রামে “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনা-২৪ ও ২৫ এর মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় “প্রায়োগিক পরীক্ষণ মাঠে বিনা-২৪ ও ২৫ এর মূল্যায়ণ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (৫ মে) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত প্রধান অতিথি ছিলেন বিনা উপকেন্দ্র কুমিল্লা’র এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি।

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোবায়ের আহমেদের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বিনা কুমিল্লার বৈজ্ঞানিক সহকারী মো: আরিফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসা: নাঈমা আক্তার, উজিরপুর ইউনিয়নের সফল কৃষক মো: রহুল আমিন, মো: জয়নাল, মো: অলিউল্লাহ, মো: কামাল, মো: মোখলেছুর রহমান সহ স্থানীয় অন্যান্য কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে বিনা ধান-২৪ ও ২৫ এর চাষের প্রতি সাধারণ কৃষকদের আগ্রহী করে তুলতে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তারা বিনা এর পক্ষ থেকে কৃষকদেরকে বিনামূল্যে বীজ সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নানা সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করেন। বিনা ধান-২৪ বোরো মৌসুমে ফলন ভালো হয়েছে এবং গাছ খাটো হওয়ায় হেলে পড়ে না, রোগবালাই কম, ওজন ভালো হওয়া কৃষকের এই জাতটি আবাদে আগ্রহী।

হোমনায় থানার ছাঁদে বৃদ্ধা বাদীকে জিজ্ঞাসা ভিডিও ভাইরাল

মোঃ তারিকুল ইসলাম, হোমনা : প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৩৩ পিএম
হোমনায় থানার ছাঁদে বৃদ্ধা বাদীকে জিজ্ঞাসা ভিডিও ভাইরাল

কুমিল্লার হোমনায় তদন্তের নামে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে থানার ছাঁদে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

অভিযোগ রয়েছে, হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা মো. শহিদ উল্লাহর স্ত্রী শামসুলের নেছা (৭৮)-কে থানায় ডেকে নিয়ে ছাঁদে বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন। গত ২ মে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত একটি মারামারির ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

 

ভাইরাল হওয়া ভিডিওতে বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখা যায়। সেখানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে সিগারেট হাতে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বলতে শোনা যায়, “মামলা করে কী করবেন, আপনিই তো ঘটনাটি বাড়িয়েছেন। সামাজিকভাবে মিটমাট করে ফেলেন।” এমন বক্তব্যে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

 

ভুক্তভোগী বৃদ্ধার দাবি, তাকে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়। এমনকি এক পর্যায়ে একটি রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত বলেও তিনি উল্লেখ করেন।

 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তবে অভিযুক্ত এসআই তাপস কুমার সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
Skip to toolbar