রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মনিরুল হক সাক্কু : কুমিল্লার প্রভাবশালী নেতা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৬:৫৪ এএম
মনিরুল হক সাক্কু : কুমিল্লার প্রভাবশালী নেতা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার স্থানীয় রাজনীতিতে ব্যাপক জনপ্রিয় ও প্রভাবশালী নেতা মনিরুল হক সাক্কু। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম মেয়র। ২০১২ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালেও তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। কিন্তু ২০২২ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র প্রার্থী হলে বিএনপি থেকে বহিষ্কৃত হন। ওই নির্বাচনে তাকে কারচুপি করে হারানো হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে তিনি দলীয় কর্মকাণ্ডের বাইরে রয়েছেন। এখনো ভোটের রাজনীতিতে তার প্রভাব ও গুরুত্ব রয়েছে।

মনিরুল হক সাক্কুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। দল তাকে পরিত্যাগ করলেও তিনি দল ছেড়ে অন্য কোথাও যাননি। ১৯৯৩ সালে সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হন এবং ২০১০ পর্যন্ত সেই পদে বহাল ছিলেন। ২০২২ সালে বহিষ্কার হওয়ার আগে তিনি কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৫ সালে উপনির্বাচনে কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে পৌর চেয়ারম্যান হন। এরপর পৌরসভা সিটি করপোরেশনে রূপান্তর হলে তিনি ২০১২ ও ২০১৭ সালের নির্বাচনে বিপুল ভোটে মেয়র হন। ২০২২ সালের জুনের তৃতীয় সিটি করপোরেশন নির্বাচনে তাকে ভোট গণনায় জোর করে হারিয়ে দেওয়া হয়।

বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সেই সময় থেকে বিএনপি বয়কট করে আসছিল। সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল তাকে বহিষ্কার করে। এটি দলের হাইকমান্ডের সিদ্ধান্ত। দেশজুড়ে এমন অনেকেই আছেন। তাদের ব্যাপারে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।’

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়া বলেন, যারা দলে ফিরে কাজ করার জন্য আবেদন করেছেন, তাদের বিষয়ে বিবেচনা করবেন দলের নীতিনির্ধারকরা। এটা নির্ভর করছে অপরাধের ধরন ও কারণের ওপর। সাম্প্রতিক দীর্ঘদিন পরে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় দলে ঐক্য সুদৃঢ় করার তাগিদ দেওয়া হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন বলেছেন, সাক্কুর পক্ষ থেকে দলে ফেরার দুই দফা আবেদন করা হয়েছে অনেক আগেই। ২০২৩ সালের ৫ অক্টোবর কুমিল্লা কালাকচুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির রোডমার্চ চলাকালে সাক্কুর মাথায় হাত বুলিয়ে দলীয় মহাসচিব বলেছিলেন, ‘ধৈর্য ধরো, অপেক্ষায় থাকো।’ সাক্কু মহাসচিবের আশ্বাসে অপেক্ষায় আছেন। আশা করছি, হাইকমান্ড ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৯ পিএম
মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

Oplus_131072

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহারের গানম্যান এস আই আই মনির। ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া এই মনিরকে আবারও জনসম্মুখে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পালিয়ে যাওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে “প্রত্যয়” নামে একটি বিরিয়ানি হাউজ ও পরে রেস্তোরাঁ ব্যবসা চালু করেন। প্রত্যয় পরিচালনার সময়ও তার রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা প্রশ্ন তুলেছেন যারা একসময় জিয়া পরিবারের পতনের জন্য ব্যস্ত ছিলো, আজ তারা কিভাবে তারেক রহমানের পাশে এসে দাঁড়ালেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে এস আই মনিরের মতো বিতর্কিত চরিত্র প্রধানমন্ত্রীর সভায় কিভাবে প্রবেশ করলো এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা সক্ষম।

এই ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

নাসির উদ্দিন : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:২১ পিএম
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সকাল ১০টা ৪৫ মিনিটে তার গাড়িবহর দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। ১১টা ৪৫ মিনিটে গাড়িবহর পৌঁছায় নিমসার এলাকায় এবং সোয়া ১২টায় আলেখাচর বিশ্বরোড অতিক্রম করেন।

 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দাউদকান্দি টোল প্লাজা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত মহাসড়কজুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তারেক রহমান চাঁদপুর সফরের পথে বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

 

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা এবং নিমসার বাজারে হাজি জসিম উদ্দিন এমপির সমর্থকরাও তাকে শুভেচ্ছা জানান।

 

এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। বিজরা থেকে সভাস্থল পর্যন্ত লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সফর ঘিরে জেলার গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।’

×
Skip to toolbar