বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচংয়ে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের লাঠিয়ার বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিরুল্লাহ রুবেল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মাছবাহী পিকআপে তল্লাশি চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. শিমুল মিয়া (৪২)। তিনি ব্রাহ্মণপাড়া থানার অন্তর্গত নাগাইস গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।”
তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, লাঠিয়ার বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের চলছিল। পুলিশের নজরদারিতে থাকা এলাকাটিতে এমন সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন তারা। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।














