তারেক রহমানকে কটূক্তি ও আইনশৃঙ্খলার অবনতি: মুরাদনগরে বিএনপির বিক্ষোভ
নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে ঘিরে ‘ষড়যন্ত্র’ এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টায় উপজেলার ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির ঘটনা শুধু একজন নেতার অপমান নয়, এটি সমগ্র বিএনপিকে হেয় করার ষড়যন্ত্র। সরকার পরিকল্পিতভাবে বিরোধী দলকে দমন করতে মাঠে নেমেছে।’
সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবিদ হুসেন অভিদ, যুবদল মুরাদনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাউসার আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের পরিবার পরিকল্পনা সম্পাদক কাউসার মিয়া, সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম আহ্বায়ক আল আমিন মিয়া জিয়া, স্বেচ্ছাসেবক দল পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের আহ্বায়ক জিয়া রহমান জিয়া, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও বিএনপি নেতা আমির হোসেন, হামদু মিয়া, মাসুক, সোহাগ, রুস্তম আলী, মোবারক ভুইয়া, মিদন মিয়া সহ অঙ্গ-সংগঠনের আরও অনেকে বিক্ষোভে অংশ নেন।
নেতারা আরও বলেন, ‘দেশে এখন গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই। জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। আমরা রাস্তায় থেকে জনগণের অধিকার ফিরিয়ে আনবো।’
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শ্লোগান দেন— “দমন-পীড়ন বন্ধ করো, তারেক রহমানের সম্মান রক্ষা করো”।



















