দেড় যুগ পর দেশে ফিরছেন তারেক রহমান
দীর্ঘ ১৬ বছরের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনের খবরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। কেবল দেশেই নয়, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বিএনপি নেতাকর্মীরাও উচ্ছ্বসিত।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং ২৫ ডিসেম্বর বাংলাদেশে পৌঁছাবেন। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে ২০ ডিসেম্বর ডা. জুবাইদা রহমান ঢাকা থেকে লন্ডনে যাবেন।
এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের খবরে ঢাকা-লন্ডন রুটে বিমানের টিকিটের ওপর ব্যাপক চাপ পড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, ২৪ ও ২৫ ডিসেম্বর ঢাকাগামী সব শ্রেণির টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। জানা গেছে, ২৪ ডিসেম্বর বিকেলে তারেক রহমান যাত্রা করবেন বাংলাদেশ বিমানের ড্রিমলাইনারে, যেখানে ইকোনমি, বিজনেস ও প্রিমিয়াম ইকোনমি—সব শ্রেণির আসনই পূর্ণ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বড়দিন ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি আনবে। দীর্ঘদিন পর শীর্ষ এই নেতার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে দল আবারও সংগঠিত হয়ে সামনে এগিয়ে যাবে।





















