১৭ বছরের নির্বাসন শেষে তারেকের শপথ বিএনপির অতীতের বিচার শুরু
Oplus_131072
ইতিহাসের চাকা কখনো থেমে যায় না, তবে কখনো তা ফিরে আসে কঠিন বাস্তবতার মুখোমুখি করতে। ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যারা বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিয়েছিলেন, আজ প্রায় ১৯ বছর পর সেই ইতিহাসেরই আমোঘ বিচারে তারাই কাঠগড়ায়।
১৭ বছরের দীর্ঘ নির্বাসন, অমানসিক শারীরিক যন্ত্রণা আর অগণিত রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিপুল জনসমর্থন নিয়ে দেশের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন তারেক রহমান। ক্ষমতা গ্রহণের মাস খানিকের মধ্যেই এক-এগারোর দুই প্রতাপশালী কুশীলব—লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ—গ্রেফতার হয়েছেন।
বারিধারা ও মিরপুর ডিওএইচএস-এর সুরক্ষিত আবাস থেকে ডিবির অন্ধকার প্রকোষ্ঠে এই দুই জেনারেলের স্থানান্তরকে কেবল সময়ের পরিহাস নয়, বরং তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত বিচারিক পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেফতারগুলো কেবল ব্যক্তি বিশেষের পতন নয়, বরং এক-এগারোর সেই দুঃসহ অধ্যায়ের হিসাব চুকানোর এক সুদূরপ্রসারী প্রক্রিয়ার সূচনা।
২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার সময় সাভারের ৯ম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন ক্ষমতার নেপথ্য কারিগর। তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে চাপ প্রয়োগ করে জরুরি অবস্থা জারিতে বাধ্য করার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। পরবর্তীতে তিনি ‘গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তারেক রহমানসহ শীর্ষ রাজনৈতিক নেতাদের ওপর অকথ্য নির্যাতনের ব্লু-প্রিন্ট তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ছিলেন এক-এগারোর সময়কার ডিজিএফআই-এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক। অভিযোগ রয়েছে, তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন এবং সেই ফুটেজ গণমাধ্যমে ফাঁসের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর নেপথ্যে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। পরবর্তীতে ডিজিএফআইয়ের মহাপরিচালক থাকাকালীন তিনি ‘আয়নাঘর’ বা গুমের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন বলে মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘকাল ধরে দাবি করে আসছে।
২০২৬ সালের ২৬ মার্চ ভোরে তাকে গ্রেফতারের পর মিরপুরে ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতা হিসেবে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং বর্তমানে তিনি নিবিড় জিজ্ঞাসাবাদে রয়েছেন। বিশ্লেষকদের মতে, শেখ মামুন খালেদকে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকার কেবল ব্যক্তিগত নির্যাতনের বদলা নিচ্ছে না, বরং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের একটি ঐতিহাসিক বিচার নিশ্চিত করতে চাচ্ছে।
গোয়েন্দা সূত্র বলছে, তাদের জিজ্ঞাসাবাদে এক-এগারোর আরও অনেক অগোচরে থাকা চরিত্রের নাম উঠে আসছে। আইনজ্ঞরা মনে করছেন, এই গ্রেফতারগুলো একটি ‘চেইন রিঅ্যাকশন’ শুরু করবে, যেখানে একজন অভিযুক্তের তথ্য থেকে বেরিয়ে আসবে অন্য সহযোগীদের নাম।
তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদসহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তির নাম এখন তদন্তের আওতায় আসছে। বিশ্লেষকরা বলছেন, এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হলে ভবিষ্যতে আর কেউ গণতন্ত্র হরণের দুঃসাহস দেখাবে না।



















