কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমান মাদক উদ্ধার, গ্রেফতার ৮
কুমিল্লা জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলার একাধিক থানার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সক্রিয়ভাবে অংশ নেয়।
অভিযানের অংশ হিসেবে হোমনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ মোঃ মনির হোসেন (৩৮) নামের এক আসামিকে গ্রেফতার করে। তিনি হোমনা উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ৭ হাজার ৭৫০ পিস ইয়াবা এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদক কারবারে জড়িত অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ আরও একজন আসামিকে আটক করে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, “জেলার প্রতিটি থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক, চুরি, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।












