দোকানে মজুত সরকারি চাল নবীনগরে পুলিশের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের শিবপুর-বাইশমৌজা বাজারে সরকারি ওএমএস-এর চাল মজুতের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের এএসআই নাঈম মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে দোকানদার হানিফ মিয়ার দোকান থেকে ৪২ বস্তা সরকারি চাল জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।
এএসআই নাঈম মিয়া বলেন, “আমরা গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দোকানদার হানিফ মিয়াসহ সরকারি চাল আটক করেছি।”
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “৪২ বস্তা চাল কীভাবে বাজারের একটি দোকানে এল, তা তদন্তের পর বলা যাবে। আপাতত চালগুলো ওই দোকানেই জব্দ রাখা হয়েছে। পুরো বিষয়টির তদন্তভার পিআইওকে দেওয়া হয়েছে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দিয়েছে। তারা মনে করছেন, গরীবের জন্য বরাদ্দ সরকারি চাল বাজারে মজুত হওয়া জনসাধারণের অধিকার ক্ষুণ্ণ করছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।














