চান্দিনায় মাদক সেবনের দায়ে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মঙ্গলবার (৩১ মার্চ) গত ২৪ ঘণ্টায় মাদক সেবনের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমানের দিকনির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বেলাশ্বর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. আলি হোসেন (২৩) কে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ অপরাধে তাকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, গড়ামাড়া গ্রামের এমরান হোসেনের ছেলে মো. সিয়াম হোসেন (১৯) কে ইয়াবা সেবনের দায়ে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে, বাড়েরা রামচন্দ্রপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. রাকিবুল ইসলাম (২৬) কে গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়। একইভাবে তাকে ১০০ টাকা অর্থদণ্ডসহ ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।












