আ.লীগ ফিরে আসলে চার কোটি সন্তানকে বাঁচতে দিবে না: হাসনাত আবদুল্লাহ
আ.লীগ ফিরে আসলে চার কোটি সন্তানকে বাঁচতে দিবে না: হাসনাত আবদুল্লাহ
রুহুল আমিন চৌধুরী সুমন,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে দেশের চার কোটি সন্তান নিরাপত্তাহীনতায় পড়বে।” তিনি বলেন, “আমরা বিএনপি-জামায়াতকে মেনে নিতে পারি, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস নয়।”
বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে জেলা ও মহানগর এনসিপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। এটি ছিল এনসিপির চলমান ‘জুলাই পদযাত্রা’র ২৩তম দিনের কর্মসূচি।
হাসনাত আবদুল্লাহ বলেন, “শেখ হাসিনা একসময় বলেছিলেন, কুমিল্লার নামের আগে কু রয়েছে, তাই এই নামে বিভাগ হবে না। কিন্তু আমরা এখন তাকে সরিয়ে দিয়েছি। কুমিল্লা নামেই বিভাগ হবে। এ অঞ্চলের মানুষ আত্মনির্ভরশীল ও রেমিট্যান্স নির্ভর। এখানকার অবকাঠামো উন্নয়ন চরমভাবে পিছিয়ে রয়েছে।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ক্যান্টনমেন্ট থেকে সিলেট রোডে দুইটি বাস একসঙ্গে চলতে পারে না—এটাকেই মহাসড়ক বলা হয়! সরকার ব্যবস্থা না নিলে আমরা নিজেরা অর্থ তুলে রাস্তাঘাট ঠিক করবো।”
উত্তরবঙ্গের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা এতদিন ভেবেছিলাম শুধু উত্তরবঙ্গই বঞ্চিত। কিন্তু কুমিল্লার অবস্থাও একই—দুই কিলোমিটার ভালো রাস্তা নেই।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “কুমিল্লায় বিএনপি-জামায়াত কর্মীদের বর্বর নির্যাতন চালানো হয়েছে। আজও আমাদের লড়াই শেষ হয়নি। কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ আবার ফিরে এলে কোনো নিরাপত্তা থাকবে না।”
তিনি স্পষ্ট করে বলেন, “আপনি বিএনপি করেন, জামায়াত করেন—তাতে আমাদের সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা আমরা মেনে নেব না।”
সভায় সভাপতিত্ব করেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বক্তব্য রাখেন—সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হাফসা জাহান, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন জামিল সৌরভ এবং কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক সিরাজুল ইসলাম।
সমাবেশ শুরুর আগে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সভাটি শোকসভা হিসেবে ঘোষণা করা হয়।
বিকেল ৫টায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপি-সমর্থক শিক্ষার্থীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।





















