কুবি ছাত্রী ও মায়ের রহস্যজনক মৃত্যু : কবিরাজ আব্দুর রব আটক, হত্যাকাণ্ডে নতুন মোড়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মা তাহমিন বেগমের (৫০) রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে অগ্রগতি এসেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি সন্দেহভাজন হিসেবে আব্দুর রব (৭৩) নামের একজনকে আটক করেছে। তিনি পেশায় একজন কবিরাজ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের শরীপুর গ্রামের বাসিন্দা।
র্যাবের পক্ষ থেকে মেজর সাদমান ইবনে আলম জানান, নিহতদের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছিল আব্দুর রবের। কয়েকদিন আগে তাহমিন বেগম ও তার মেয়ে সুমাইয়া পরামর্শ নিতে তার বাড়িতে গিয়েছিলেন। গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রবিবার দুপুরে নাঙ্গলকোটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার নেলী কটেজ নামের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা রেজিস্ট্রারের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেন এবং পুলিশ সুপার কার্যালয় ও কান্দিরপাড় পূবালী চত্বরে অবস্থান নেন। শিক্ষার্থীদের দাবি, দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।
ময়নাতদন্তের রিপোর্ট ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
















