চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের জবাবে ষড়যন্ত্র? মালাপাড়ায় ইউপি সদস্যদের ক্ষোভ
Oplus_131072
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রেক্ষিতে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। গত ৩০ ও ৩১ অক্টোবর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ প্রকাশের মাধ্যমে পাঁচজন ইউপি সদস্যকে সরাসরি অভিযুক্ত করা হয়। তবে অভিযুক্ত ইউপি সদস্যরা এই ঘটনাকে “মানহানিকর, মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক” বলে আখ্যায়িত করেছেন।
মালাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য জামাল হোসেন, আহসান হাবীব সোহাগ, কালাম হাজারী, রব্বানী ও কামাল একযোগে সংবাদকর্মীদের কাছে তাদের ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা স্পষ্টভাবে বলেন, “আমরা ১২ অক্টোবর ২০২৫ তারিখে জেলার ডিসি অফিস এবং উপজেলার ইউএনও অফিসে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অনাস্থা এনে ১০ জন সদস্য মিলে লিখিত অভিযোগ দাখিল করি।”
এই অভিযোগের পর থেকেই চেয়ারম্যানের পক্ষ থেকে হুমকি-ধমকির শিকার হচ্ছেন বলে দাবি করেন তারা। ইউপি সদস্যদের ভাষ্য অনুযায়ী, “২৯ অক্টোবর রাতে দেলোয়ারের ওপর হামলার নাটক সাজিয়ে ৩০ ও ৩১ অক্টোবর আমাদের নাম ব্যানারে ছাপিয়ে ইউনিয়ন ও উপজেলা গেইটে মানববন্ধন করা হয় এবং স্থানীয় পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়।”
তারা আরও বলেন, “এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের সৎ প্রতিবাদকে দমন করার চেষ্টা চলছে। আমরা এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এই ঘটনাকে কেন্দ্র করে মালাপাড়া ইউনিয়নে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সাধারণ জনগণ ও সচেতন মহল ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছেন।


















