ময়নামতি হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার কোতোয়ালিতে ৬ (ছয়) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। বুধবার (১০ জুলাই২০২৪খ্রিঃ) সকাল অনু: ০৮:৩০ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কাপ্তান বাজার এলাকার শাহপরান (৩২) এবং কুমিল্লা জেলার চান্দিনা থানার নাওতলা হাবিবুর রহমান (২০)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে এশিয়া যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-ব-১৪-৮৭৪৪ এর যাত্রী মাদক বহন করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই/ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের যাত্রীদ্বয়কে আটক করেন। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে যানজট সহ সকল প্রকার শৃঙ্খলা বজায় রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
















