আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক বিএনপি নেতা পরিচয়ে মুক্তি দেবীদ্বারে তোলপাড়
Oplus_131072
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বদিউল আলম বদু (৫৫) নামের এক ব্যক্তিকে আওয়ামী লীগ নেতা হিসেবে আটক করে পরে বিএনপি নেতা পরিচয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে পুরো উপজেলায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেবীদ্বারের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে বদিউল আলম বদুও ছিলেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলেও বদিউল আলম বদুকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতাদের তদবিরে বদুকে মুক্তি দেওয়া হয়। এদিন সকালে পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মহিউদ্দিন সরকার মাহফুজের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী থানায় অবস্থান নেন বদুকে ছাড়ানোর দাবিতে।
স্থানীয় বাসিন্দারা জানান, বদিউল আলম বদু অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে মিছিল-সমাবেশেও তাকে দেখা গেছে। তার ছেলে জামির হোসেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
সম্প্রতি বদু নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মহিউদ্দিন সরকার মাহফুজ জানান, বদু বর্তমানে ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এবং পূর্বে সহসভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগ করতেন কি না, তা জানা নেই। তবে তার ছেলে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, সেটা সত্য।
দেবীদ্বার থানার ওসি মো. ইয়াছিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। থানার অন্য কর্মকর্তারাও মন্তব্য করতে রাজি হননি। থানা সূত্রে জানা যায়, ওসির নির্দেশেই বদুকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন বলেন, “পর্যাপ্ত প্রমাণ না থাকায় তদন্ত কর্মকর্তা তাকে ছেড়ে দিতে পারেন। অভিযোগ থাকলে আবারও আটক করা হবে।”

















