বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

বহিষ্কারের মুখে হাজী ইয়াছিন, কুমিল্লা বিএনপিতে বিদ্রোহের আগুন

বিশেষ প্রতিবেদক : প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১:০৭ পিএম
বহিষ্কারের মুখে হাজী ইয়াছিন, কুমিল্লা বিএনপিতে বিদ্রোহের আগুন
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির রাজনীতিতে ফের উত্তাল পরিস্থিতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কটুক্তির অভিযোগে বহিষ্কারের মুখোমুখি হয়েছেন আলোচিত নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। তার বিরুদ্ধে অভিযোগ, তার অনুগত কিছু কর্মী ও শিল্প কারখানার শ্রমিকদের উসকানি দিয়ে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে গালিগালাজে লেলিয়ে দেওয়া হয়েছে।

 

গত ৪ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে। কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পান প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে অপর মনোনয়ন প্রত্যাশী ইয়াছিনের অনুসারীরা। তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে মনোনয়নের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করে, যা পরে ছড়িয়ে পড়ে সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে।

 

দীর্ঘ ১৬ বছর ধরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও ইয়াছিন সাহেবের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয়তা, আওয়ামী লীগের সাথে গোপন সখ্যতা, শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন উৎপাদন, এমনকি কোনো মামলা-হামলার রেকর্ড না থাকা সব মিলিয়ে তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন দলের নেতাকর্মীরা।

 

তার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নিজের শ্যালক নিজাম উদ্দিন কায়সারের সিন্ডিকেটের মাধ্যমে পকেট কমিটি গঠন করে সংগঠনকে জিম্মি করে রেখেছিলেন।

এসব কারণে ভেঙে দেওয়া হয় কুমিল্লা শহর ও দক্ষিণ জেলা কমিটি। নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান জাকারিয়া তাহের সুমন, যিনি এক বছরের মাথায় তৃণমূল থেকে জেলা পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

 

মনিরুল হক চৌধুরীর মনোনয়ন ঘোষণার পর থেকেই ইয়াছিনপন্থীরা শুরু করেছে কুৎসা রটনা ও প্রপাগান্ডা। ‘ভাদাইম্যা’, ‘নবাগত’ ইত্যাদি শব্দে আক্রমণ করা হচ্ছে বর্ষীয়ান এই নেতাকে। অথচ মনিরুল হক চৌধুরী কুমিল্লা শহরের উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রেখেছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণ ও রেলওয়ে কর্ডলাইন প্রকল্পে তার উদ্যোগ প্রশংসিত হয়েছে।

 

মনিরুল হক চৌধুরীর পৈত্রিকভিটা, ভোটকেন্দ্র ও স্বপ্নের সদর দক্ষিণ উপজেলা এখন কুমিল্লা-৬ আসনের অন্তর্ভুক্ত। নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাসে তিনি এই আসনের বৈধ ভোটার ও প্রার্থী। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে জেল-জুলুম, মামলা-হামলার ইতিহাস রয়েছে, যা ইয়াছিন সাহেবের ক্ষেত্রে রহস্যজনকভাবে অনুপস্থিত।

 

দলের অভ্যন্তরে এখন প্রশ্ন উঠেছে একজন বেতনভুক্ত কর্মী ও শিল্পপতির নেতৃত্বে বিএনপি কতটা এগোতে পারবে? আর কতদিন চলবে এই সিন্ডিকেট নির্ভর রাজনীতি? কুমিল্লা বিএনপির ভবিষ্যৎ কোন পথে এগোবে, সেটাই এখন দেখার বিষয়।

কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০৮ এএম
কুমিল্লায় সিএসই শিক্ষার্থীর মৃত্যুতে রহস্য ঘনীভূত

Oplus_131072

কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহা (২৩) রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার একটি বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

 

পরিবারের দাবি, ফারিহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।

 

প্রায় আট মাস আগে ফারিহার বিয়ে হয় কুমিল্লার মেঘনা উপজেলার বাসিন্দা মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি স্বামীর বাসায় আসার একদিন পরই তার মৃত্যু হয়।

 

নিহতের বাবা স্কুল শিক্ষক মোঃ হানিফ মিয়া অভিযোগ করেন, মেয়েকে নিয়মিত নির্যাতন করা হতো এবং হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফারিহা সিএসই বিভাগের ১২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪৬ এএম
হত্যা মামলার আসামি মাহবুব আলম ফেনীর এসপি

Oplus_131072

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার পদায়ন নিশ্চিত করা হয়।

 

তবে বুধবার (৬ মে) নিহত যুবদল নেতা মিজানুর রহমানের পরিবারের এক সদস্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়ে মাহবুব আলমের পদায়ন বাতিল এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

মাহবুব আলম দীর্ঘদিন চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বিএনপি-জামায়াতের কর্মসূচিতে বাধা, হামলা এবং নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।

 

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার কর্মকাণ্ড সামনে আসে। ওই বছরের সেপ্টেম্বরে শিবগঞ্জ থানায় যুবদল নেতা মিজান হত্যার ঘটনায় মামলা দায়ের করেন নিহতের বাবা আইনাল হক। মামলার এজাহারে মাহবুব আলমকে ১০ নম্বর আসামি করা হয়।

 

এজাহারে বলা হয়, ২০১৬ সালে ছাত্রদল নেতা সেতাউর রহমানকে আটক করতে গিয়ে পুলিশ তার ভাই মিজানুর রহমানকে তুলে নেয়। পরে তাকে নিখোঁজ দেখানো হয়। পরিবারের অভিযোগ, মুক্তির জন্য পুলিশ বিপুল অঙ্কের টাকা দাবি করে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ২০১৭ সালের এপ্রিল মাসে কথিত বন্দুকযুদ্ধে মিজান নিহত হন। আরেক ভাই রেজাউল করিমের সন্ধান আজও মেলেনি।

 

সরকার পরিবর্তনের পর ভুক্তভোগীর পরিবার সংবাদ সম্মেলন করে নিখোঁজ রেজাউলের সন্ধান দাবি করে। একইসঙ্গে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বিষয়টি তদন্ত শুরু করেন।

 

শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মাহমুদ জানান, মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছেন, বাকিরা পলাতক। মামলাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে চলছে এবং যেকোনো সময় বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, থানায় জিডি

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:২৮ পিএম
চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হত্যার হুমকি, থানায় জিডি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান (৫৬) নামে এক কৃষককে ৭ টুকরো করে হত্যা করার হুমকি প্রদান করে ডাকযোগে কাপনের কাপড়ের পার্সেল পাঠিয়েছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা। আবদুর রহমান উপজেলার পৌরসভাধিন ৭নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের মোক্তল হোসেনের ছেলে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সন্ধায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

সাধারণ ডায়েরিতে আবদুর রহমান উল্লেখ করেন, তিনি একজন সাধারণ কৃষক। তার ২ ছেলে প্রবাসে থাকে। স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে চন্ডিপুর নিজ গ্রামে বসবাস করেন। গত ৫ মে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা সদরের ডাকঘরের পিয়ন তার নামে আসা একটি খাকি খাম এবং একটি পার্সেল প্যাকেট দিয়ে যায়। এতে প্রেরকের নাম উল্লেখ করা হয় জুলাস ব্যাপারী, গ্রাম : রামরায়গ্রাম কসাই বাড়ি, চৌদ্দগ্রাম, কুমিল্লা। খামের ভিতরে থাকা একটি সাদা কাগজে “তোর কাপনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তা-ঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য রেডি থাইছ, তুই এখন গেংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরা হবি এবং স্টার চিহেৃ আরবী কিছু লেখা রয়েছে’’ জিডিতে তিনি আরও উল্লেখ করেন, পার্সেলের প্যাকেটের ভিতরে কাপনের সাদা কাপড় রক্ষিত ছিলো। আমি খামে প্রদত্ত প্রেরকের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করিলে কোন ব্যক্তি ফোন রিসিভ করে নাই। অজ্ঞাতনামা কে বা কাহারা কোন কারণে আমার নামে ডাকের মাধ্যমে হুমকিস্বরূপ হাতের লেখা চিঠি ও কাপনের কাপড় পাঠিয়েছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করেন।

এই বিষয়ে ভুক্তভোগি কৃষক আবদুর রহমান বলেন, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমি একজন কৃষক। তবে আজ থেকে দেড় বছর আগে সৌদি প্রবাসী ভাগিনার স্ত্রী সালমা বেগম অন্য পুরুষের সাথে পালিয়ে যায়। সালমার বাবার বাড়ি সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামে। এ ঘটনায় আমার বোন ফাতেমা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করে। আমি উক্ত মামলার স্বাক্ষী হিসেবে রয়েছি। যেহেতু হত্যার হুমকির চিঠিতে কোর্টের কথা উল্লেখ করা হয়েছে, ধারণা করতেছি তারাই আমাকে হত্যার হুমকি দিয়ে এই চিঠি পাঠিয়েছে। আমি থানায় জিডি করেছি। আশা করছি, পুলিশ বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, আবদুর রহমান নামে এক কৃষককে ডাকযোগে প্রাণনাশের হুমকি ও কাপনের কাপড় পাঠানোর ঘটনায় তিনি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। গুরুত্বের সাথে বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
Skip to toolbar