স্ত্রীর প্রেমিকের ছু*রি কা/ঘা/তে স্বামী নি/হ/ত মহাসড়কে লাশ নিয়ে অবরোধ
Oplus_131072
কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে আবু বক্কর প্রকাশ আসিফ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। শনিবার সকালে নিহতের লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে স্বজন ও এলাকাবাসী।
নিহত আসিফ চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কেন্ডা গ্রামের মরহুম ফটিক মিয়ার ছেলে। গত ৮ নভেম্বর তিনি সদর দক্ষিণ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে সাদিয়া দারুল উলুম মাদরাসার সামনে ওঁৎপেতে থাকা রাব্বি প্রকাশ বাপ্পি ও পারভেজ নামে দুই যুবক তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ছোট ভাই আরাফাত হোসেন জানান, আসিফ দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং দুই মাস আগে দেশে ফিরে ২৭ অক্টোবর সুমাইয়া আক্তার সুইটির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি অভিযোগ করেন, বিয়ের আগে সুইটির সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক ছিল এবং হত্যাকাণ্ডে স্ত্রীও জড়িত থাকতে পারে। সুইটি ঘটনার পর সদর দক্ষিণ থানায় ছুরিকাঘাতের মামলা দায়ের করে, যা পরিবারটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা বলে দাবি করছে।
শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নিহতের পরিবার ও এলাকাবাসী চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় মহাসড়কে লাশ নিয়ে অবরোধ করে। এতে প্রায় চার কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দেন নিহতের মা আলেয়া বেগম, নানি রুপিয়া বেগম, স্থানীয় নেতৃবৃন্দ ও আইনজীবীরা। বিপুল সংখ্যক নারী-পুরুষ ও তরুণদের উপস্থিতিতে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে আসে।
চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ থানার কর্মকর্তারা জানান, ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে এবং বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

























