ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমন রানা ভূঁইয়ার প্রমোশন
Oplus_131072
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্রদলের সদ্যঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রমোশন পেয়েছেন ইমন রানা ভূঁইয়া—যিনি এর আগে মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন।
গত ২২ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত প্যাডে কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে প্রায় এক মাস পর, ২০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির প্যাড ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নাম থাকা ইমন রানা ভূঁইয়া তাৎক্ষণিক ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি এই কমিটির বিষয়ে কিছুই জানেন না এবং নিজেকে সাধারণ ছাত্র হিসেবে দাবি করেন। অথচ, অতীতে তিনি ছাত্রলীগের মালাপাড়া ইউনিয়ন শাখার সহ-সম্পাদক ছিলেন।
কমিটির সহ-সভাপতি হিসেবে আরও একজন ছাত্রলীগ নেতা, জুবায়ের ভূঁইয়ার নামও উঠে এসেছে, যিনি মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
এছাড়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাম এসেছে সৌরভ ভূঁইয়ার, যিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং কমিটি থেকে অব্যাহতি চান।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলেমান মুন্সী জানান, কলেজ ছাত্রদলের কমিটি গঠনের জন্য ফর্ম সংগ্রহ করে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছিল। তার পাঠানো তালিকায় ইমন রানার নাম ছিল না।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান বলেন, “আমি ব্রাহ্মণপাড়া উপজেলার দায়িত্বে ছিলাম না। কেন্দ্রীয়ভাবে ফর্ম যাচাই-বাছাই করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।”
এই ঘটনায় ছাত্রদলের অভ্যন্তরীণ সমন্বয় ও যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।





















