চৌদ্দগ্রামে প্রশিক্ষণ শেষে অসহায় নারীদের মাঝে সনদ ও সেলাই মেশিন বিতরণ
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘ চার মাসের ফুলকোর্স প্রশিক্ষণ শেষে সুবিধাভোগি অসহায় ৩০ জন নারীর মাঝে সনদ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া-জামপুর যাকাত তহবিলের উদ্যোগে নারীদের জীবনমানের উন্নয়ন ও তাদেরকে স্বাবলম্বী ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে সনদ ও নতুন সেলাই মেশিন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করে উদ্যোক্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগি নাজমা বেগম সহ অন্যান্য নারীগণ।
রবিবার (২৩ নভেম্বর) বিকালে ইউনিয়নের জামমুড়া হলি কেয়ার একাডেমী মাঠে এ উপলক্ষে আয়োজিত সনদ ও সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাসনাত মাহবুব। প্রধান আলোচক ছিলেন ঢাকা এনসিএল ওভারসীজের স্বত্ত্বাধিকারী মো. আবুল কাশেম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সোলাইমান সিদ্দিক।
ফেনী রামপুর নাসির মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও জামমুড়া-জামপুর যাকাত তহবিলের সেক্রেটারী ছায়েম আল মাহামুদ এবং সদস্য ইমামুল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন জামমুড়া-জামপুর যাকাত তহবিলের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হক শরীফ, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মামুনুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম সেলিম, ইউনুছ মিয়া, মফিজুর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৌলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন মিলন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. বাহার মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।















