ষড়যন্ত্র রুখলেও সামনে কঠিন সময় তারেক রহমান
Oplus_131072
রাজনীতির অস্থির প্রেক্ষাপটে সামনে কঠিন সময় আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক কঠিন সময় অপেক্ষা করছে। তবে জনগণ ও গণতন্ত্রই পারে এসব রুখে দিতে। কিন্তু ষড়যন্ত্র রুখলেও সামনে কঠিন সময় আসছে।”
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “দেশে প্রতিটি ক্ষেত্রে অরাজকতা চলছে। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে সবার আগে দুর্নীতির লাগাম টেনে ধরবে। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে সুপরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিয়ে দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি রোধ করতে হবে, নইলে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “দেশ স্বাধীনের পর যখনই সংকট এসেছে, বিএনপি তখনই দেশের হাল ধরেছে, উন্নয়নের পথে এগিয়ে নিয়েছে। এবারও আমরা জনগণের রায় নিয়ে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে এগোচ্ছি।”
জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “স্বৈরাচার পতনের দিন মহাসচিব মির্জা ফখরুল জানতে চেয়েছিলেন, জাতীয় সরকার গঠন করা হবে কি না। আমরা তখনই বলেছিলাম, আমরা জনগণের কাছে যাবো, তাদের রায়ই আমাদের পথ দেখাবে। কারণ জনগণই আমাদের ক্ষমতার উৎস।”
ধর্মীয় প্রসঙ্গে তিনি বলেন, “জান্নাত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কেউ যদি বলে কে জান্নাতে যাবে, কে দোজখে যাবে—তাহলে সে শিরক করছে। এ বিষয়ে মন্তব্য করার অধিকার কারও নেই।”
সংস্কার প্রসঙ্গে তারেক রহমান জানান, বিএনপি অনেক আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা তুলে ধরা হয়েছে।






















