কুমিল্লায় নিষিদ্ধ তিয়ানশির নতুন ফাঁদ : চাকরির লোভে শিক্ষার্থীদের সর্বনাশ
Oplus_131072
নিষিদ্ধ মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ‘তিয়ানশি’ আবারও সক্রিয় হয়ে উঠেছে কুমিল্লায়। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এই চাইনিজ কোম্পানি ‘চাকরি’, ‘লাখপতি হওয়ার সুযোগ’ ও ‘বিদেশে যাওয়ার স্বপ্ন’ দেখিয়ে শিক্ষার্থীদের টার্গেট করছে। নগরীর কান্দিরপাড় এলাকার খন্দকার টাওয়ারের ৮ম তলায় চলছে তাদের নিয়মিত সভা, প্রশিক্ষণ ও পণ্যের প্রচার।
২০১৫ সালে বাংলাদেশ সরকার এমএলএম ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করে। তিয়ানশি তখন কার্যক্রম বন্ধ করলেও, এখন ‘চাইনিজ হেলথ প্রোডাক্ট’ এর মোড়কে আবারও শুরু করেছে প্রতারণা। সদস্য সংগ্রহে ব্যবহার করছে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ, ‘বড় ভাই’ বা ‘আপু’দের। শুরুতে ৫-১০ হাজার টাকা ‘ইনভেস্টমেন্ট’ চাওয়া হয়, পরে ধাপে ধাপে আদায় করা হয় আরও হাজার হাজার টাকা।
তিয়ানশির পণ্যের মধ্যে রয়েছে হারবাল চা, ব্যথানাশক তেল, দাঁতের পেস্ট, ক্যালসিয়াম ট্যাবলেট ইত্যাদি। এসব পণ্য স্থানীয় বাজারে ৩০-৫০ টাকায় পাওয়া গেলেও তিয়ানশি তা বিক্রি করছে ৪০০-৫০০ টাকায়। নেই কোনো প্রমাণিত গুণগত মান, বিএসটিআই অনুমোদনও মেলে না।
ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ফামিদুল হাসান জানান, “ভালো চাকরির আশায় আমি তিয়ানশিতে টিউশনির টাকা বিনিয়োগ করি। এখন নিঃস্ব। মাকে বলতে পারি না— টাকাটা হারিয়ে ফেলেছি।”
তিয়ানশির ফাঁদে পড়েছেন আরও অনেকে। ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নুসরাত জাহান বলেন, “মেসে ওঠার পর এক আপু আমাকে তিয়ানশির সেমিনারে নিয়ে যায়। বিদেশে যাওয়ার সুযোগ, লাখপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে ২০ হাজার টাকা নেয়। এখন বুঝতে পারছি, এটা ছিল প্রতারণা।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, “তিয়ানশির মতো চক্র কেবল টাকা নয়, শিক্ষার্থীদের স্বপ্নও ছিনিয়ে নেয়। একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল।”
তিয়ানশির স্থানীয় কর্মকর্তা হাবিবুর রহমান অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা প্রোডাক্ট বিক্রি করি, কেউ চাইলে মেম্বার হয়। জোর করে টাকা নেই না।”
তবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান রওনক আরা বেগম বলেন, “এই চক্রগুলো তরুণদের এমনভাবে আকৃষ্ট করে যেন জীবন বদলে যাবে। বাস্তবে তারা হারায় অর্থ, সময় আর আত্মবিশ্বাস।”
বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. সানজিদ আহমেদ বলেন, “চীনা লেখা ও লেবেলযুক্ত পণ্যের কার্যকারিতা নিয়ে সন্দেহ আছে। কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই এসব পণ্য বাজারজাত করা হয়, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।”
জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “আমাদের কাছে কিছু তথ্য এসেছে। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।” অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল মালিক বলেন, “তিয়ানশির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

















