আয়কর রিটার্নে স্বস্তি আরও এক মাস সময় বাড়ল
Oplus_131072
২০২৫-২৬ করবর্ষের জন্য ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে এনবিআরের জারি করা এক আদেশে জানানো হয়, স্বাভাবিক ব্যক্তি (Individual Taxpayer) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী রিটার্ন জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। পরে তা এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। তবে অনলাইন বাধ্যবাধকতা ও অন্যান্য প্রযুক্তিগত জটিলতার কারণে প্রত্যাশিত সংখ্যক রিটার্ন জমা না হওয়ায় আরও এক মাস সময় বাড়ানো হলো।
এনবিআর জানায়, আয়কর আইন-২০২৩ এর ৩৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের অনুমোদনক্রমে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্তে করদাতারা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এনবিআরের এই সিদ্ধান্তে করদাতারা যেমন সময়সীমা মেনে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন, তেমনি রাজস্ব আহরণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।















