নবীনগরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ০২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহম্মেদ মহিন, উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু এবং স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আপোষহীন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও বক্তারা মন্তব্য করেন। শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।










