হোমনায় আলোচিত দুই খু-নে-র মূল হোতা গ্রে-প্তা-র : পুলিশের অভিযানে জনমনে স্বস্তি
কুমিল্লার হোমনা উপজেলায় আলোচিত দুটি পৃথক হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর ধারাবাহিক ও সমন্বিত অভিযানে তাদের আটক করে হোমনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ মার্চ দায়ের হওয়া হোমনা থানার মামলা নং–৭, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধির আওতায় ঘাড়মোড়া বিল্লাল হত্যা মামলার প্রধান আসামি মোঃ জাকির হোসেন ওরফে ছোট (২২), পিতা—মোঃ শেখ সাব, সাং—বড় ঘাড়মোড়া, ওয়ার্ড নং–৮, থানা—হোমনা, জেলা—কুমিল্লাকে ০২ জানুয়ারি ২০২৬ ইং বিকাল ৫টা ২০ মিনিটে বড় ঘাড়মোড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্ত করছেন এসআই তাপস কুমার সরকার।
একই দিনে দুপুর ১২টা ৪৫ মিনিটে গ্রেপ্তার করা হয় আরেক আলোচিত হত্যা মামলার মূল আসামি মোঃ রাসেল (৩২), পিতা—জলিল আমিন, সাং—মধ্যকান্দি, থানা—হোমনা, জেলা—কুমিল্লাকে। তিনি ২০২৫ সালের ১২ ডিসেম্বর দায়ের হওয়া হোমনা থানার মামলা নং–৬, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধির আওতায় বিজয়নগর গ্রামের হৃদয় হত্যা মামলার প্রধান অভিযুক্ত।
হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, দুটি হত্যাকাণ্ডের পরপরই চার থেকে পাঁচটি অভিযানিক দল গঠন করে একযোগে অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় আজ দুটি মামলার মূল হোতাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানান, বিজয়নগর গ্রামের হৃদয় হত্যাকাণ্ডের পর অল্প সময়ের ব্যবধানে মূল আসামিকে গ্রেপ্তার করায় হোমনা থানার পেশাদারিত্ব ও তৎপরতা প্রশংসার দাবিদার। তারা বলেন, “পুলিশের এমন দ্রুত ও সাহসী পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা আরও দৃঢ় হয়েছে।” এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও হোমনা থানা পুলিশ এ ধরনের কার্যকর ভূমিকা অব্যাহত রাখবে।

















