মনোহরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময়
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনে বিএনপির মিডিয়া সেলের প্রধান বেলালুর রহমান মজুমদার। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল। জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। আমাদের প্রিয় নেতা মো. আবুল কালাম এই উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আমি যতদিন এই দায়িত্বে থাকব, সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করব। তাঁদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে মিডিয়া কার্যক্রম পরিচালনা করব।”
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা নবাগত মিডিয়া সেলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, “সাংবাদিকরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণমানুষের কথা তুলে ধরেন। মনোহরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
আলোচনায় আরও বলা হয়, রাজনৈতিক সদিচ্ছা, গণমাধ্যমের সক্রিয়তা এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে উপজেলা থেকে সামাজিক অপরাধ দূর করা সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, মিডিয়া সেলের সহকারী পরিচালক শহিদ উল্লাহ সোহেল, মনোহরগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ উপজেলা পর্যায়ের সাংবাদিকরা।


















