বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

নৌকা ছাড়া কিসের ভোট স্লোগানে বিভ্রান্ত হচ্ছে নিরপেক্ষ ভোটাররা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ এএম
নৌকা ছাড়া কিসের ভোট স্লোগানে বিভ্রান্ত হচ্ছে নিরপেক্ষ ভোটাররা
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সারাদেশে একটি নিষিদ্ধ রাজনৈতিক অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষের ছবি ও পরিচয় বিকৃত করে ভুয়া ফটোকার্ড তৈরি করা হচ্ছে। এসব ফটোকার্ডে “নৌকা ছাড়া কিসের ভোট” এবং “NO BOAT NO VOTE” স্লোগান ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে ভোট কেন্দ্রে না যাওয়ার বার্তা ছড়ানো হচ্ছে। অথচ যাদের ছবি ব্যবহার করা হচ্ছে তারা অনেকেই বিএনপি বা জামায়াত সমর্থক, কেউ চাকরিজীবী বা ব্যবসায়ী, আবার কেউ রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ।

 

অনেক ভুক্তভোগী জানেনই না যে তাদের ব্যক্তিগত ছবি রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হয়েছে। কেউ ছিলেন পারিবারিক অনুষ্ঠানে, কেউ ভ্রমণের সময় তোলা সেলফিতে, আবার কেউ সামাজিক কাজে অংশগ্রহণকারী। তাদের অনুমতি ছাড়াই এসব ছবি নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে প্রচারণার অংশ বানানো হয়েছে, যা তাদের সামাজিক সম্মান, পারিবারিক সম্পর্ক ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

 

অনুসন্ধানে জানা গেছে, এসব অপপ্রচার চালাচ্ছে ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং আত্মগোপনে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের অ্যাক্টিভেটিস্টরা। তারা বিদেশে বসে বা VPN ব্যবহার করে এসব ফটোকার্ড তৈরি করে ফেসবুক, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে। এআই ও গ্রাফিক্স টুল ব্যবহার করে ফটোকার্ডে রাজনৈতিক বার্তা ও প্রতীক যুক্ত করা হচ্ছে। জানুয়ারি মাসেই শত শত এআই-তৈরি ভিডিও ও ফটোকার্ড ছড়ানো হয়েছে।

 

এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম বিভ্রান্ত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি হচ্ছে, ভুল তথ্যের ভিত্তিতে মত গঠন হচ্ছে এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ ব্যক্তিরাও এসব প্রচারণার শিকার হচ্ছেন। দেশজুড়ে নিষিদ্ধ অ্যাপ বন্ধের দাবি উঠেছে এবং সরকারের কাছে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্বাচন কমিশন ও আইসিটি বিভাগকে এসব অপপ্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০১ এএম
১৭ বছর পর ভোটের ডাক আসিফ আকবরের কণ্ঠে গণতন্ত্রের গান

Oplus_131072

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, অডিও যুগের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আসিফ আকবর আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার গান নয়, রাজনীতির মঞ্চে তার উচ্চারিত মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক ও আলোচনার ঝড়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সতেরো বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১২ কোটি ৭৮ লাখ ভোটার সরাসরি ভোট দিয়ে সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। দায়িত্বশীল বাহিনী ভোটকেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

তিনি লেখেন, সব রাজনৈতিক দল ও প্রার্থী চান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রোপাগান্ডা, অভিযোগ, পাল্টা অভিযোগ ও গুজব ছাপিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আসিফ আকবর আরও বলেন, নাগরিক দায়িত্ব পালনে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। পাহাড়ি মানুষ, সমতলবাসী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায় “ভোটের মাধ্যমে জনতার শক্তি দেখানোর এখনই সময়।”

এদিকে নির্বাচনকে ঘিরে রাজধানীসহ সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। প্রচার-প্রচারণা শেষ, এখন অপেক্ষা কেবল রায়ের। নাগরিকদের প্রত্যাশা  শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে তারা প্রয়োগ করতে পারবেন তাদের ভোটাধিকার।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এই উৎসবমুখর আমেজই প্রমাণ করে, গণতন্ত্রের এ উৎসবে অংশ নিতে প্রস্তুত দেশ।

কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
কুমিল্লায় ব্যাগভর্তি নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

Oplus_131072

কুমিল্লার মুরাদনগরে নগদ দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় তার গাড়ি থেকে বাজারের ব্যাগে রাখা টাকা উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, হেলালী ব্যক্তিগত গাড়িতে করে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়ি তল্লাশি করে একটি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটিতে পাতলা কম্বল দিয়ে ঢাকা অবস্থায় ১ হাজার টাকার দুটি বান্ডিল ছিল।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমানকে বিষয়টি জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ইউএনও বলেন, টাকা বিলি করার সময় হাতেনাতে ধরা না পড়ায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

 

মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন জানান, তিনি খবরটি শুনেছেন এবং খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন।

ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম
ফেনীতে যুবদল নেতার গরুর খামার থেকে অস্ত্র উদ্ধার

Oplus_131072

ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তলসহ চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ১০টার দিকে ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন খামারে এ অভিযান চালানো হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবদল নেতা বদরুল আমীনের খামার থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বদর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী। গত দুইদিন ধরে দিদার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরের খামারে রাখা হয়েছিল।

 

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে। ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের খবর পেয়েছেন, তবে বিস্তারিত তদন্ত চলছে।

×
Skip to toolbar