ছাত্রলীগের আঘাত থেকে সমন্বয়ের নেতৃত্ব পরে বিএনপির পতাকাতলে জিতু
Oplus_131072
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তার সঙ্গে কয়েকটি হল সংসদের প্রতিনিধিও ছাত্রদলে যোগ দেন।
জিতুর এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ অভিনন্দন জানালেও অনেকেই সমালোচনা করছেন।
আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় তার বাড়ি। আট ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি ছাত্রলীগ ছাড়েন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য ছিলেন এবং আল-বেরুনী হলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত দশম জাকসু নির্বাচনে তিনি ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে ভিপি নির্বাচিত হন। ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে জয়ী হলেও তার প্যানেলের একমাত্র সফল প্রার্থী ছিলেন তিনি।
কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের হাতে প্রথমে মার খেয়ে আহত হন জিতু। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন এবং ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন প্ল্যাটফর্ম গড়ে তোলেন।
ছাত্রলীগের আঘাত থেকে শুরু করে সমন্বয়ের নেতৃত্ব এবং শেষ পর্যন্ত বিএনপিতে যোগদান এই নাটকীয় যাত্রা এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে।






















