সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সাংবাদিকতার ছদ্মবেশে অপরাধের আস্তানা : সত্য ও সংবাদের মধ্যে লুকানো অন্ধকারের খোঁজে

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১:৪৭ এএম
সাংবাদিকতার ছদ্মবেশে অপরাধের আস্তানা : সত্য ও সংবাদের মধ্যে লুকানো অন্ধকারের খোঁজে
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লায় সাংবাদিকতার নামে চলছে এক অশুভ খেলা। জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেন্টার থেকে পরিচালিত একটি ওয়াটসআপ গ্রুপে যেখানে সত্যিকারের সাংবাদিকদের থাকার কথা, সেখানে বিরাজ করছে অপ-সাংবাদিকতা। এই গ্রুপের অধিকাংশ সদস্য হলেন তথাকথিত সাংবাদিক, যারা সাংবাদিকতার আড়ালে চালাচ্ছেন চাঁদাবাজির মতো অপকর্ম। এই চাঁদাবাজির ঘটনা ঘটছে ব্রীকফিল্ড, বেকারি, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, থানা, পুলিশ ফাঁড়ি, ভূমি অফিস, বিআরটিএ অফিস, সিএনজি স্টেন্ড এবং মাটি ও বালু উত্তোলনের স্থানগুলোতে। এসব অপকর্মের ফলে কিছু কথিত সাংবাদিক গণধোলাইয়ের শিকারও হয়েছেন।

এই অপ-সাংবাদিকরা নিজেদেরকে ঢাকার ভূঁইফোড় সংগঠনের নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি করছেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন। এই অপকর্মের ফলে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে সাংবাদিকতার প্রতি অবিশ্বাস সৃষ্টি হচ্ছে।

পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি হুবহু ছেপে তার আবার গ্রুপে দেয়া হয়, যা সাংবাদিকতার মৌলিক নীতিমালা ও নৈতিকতার প্রতি প্রশ্ন তোলে। এই গ্রুপে ভূঁইফোড় সংগঠনের নেতার নিয়ন্ত্রণে স্বামী পরিত্যাক্তা, দালাল, বাটপার ও টিপসহি নারীদের আনাগোনা লক্ষণীয়। এঁরা এসব নারীদের নিয়ে রাতভর বিভিন্ন জায়গায় দামি গাড়ি নিয়ে অভিযান পরিচালনা করে। এদের বিরুদ্ধে কথা বললে নারী নির্যাতন মামলায় জড়িয়ে হয়রানি করার ও হুমকি শুনতে হয়। অভিযোগ রয়েছে নারী সাংবাদিক দিয়ে ধনীর দুলাল দের প্রেমে ফাঁদে ফেলে টোপ পাতা হয়। এরপর কৌশলে নিরাপদ স্থানে নিয়ে আপত্তিকর ছবি তুলে মোটা অংকের টাকা আদায় করা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে থানা ও ডিবি পুলিশ এই চক্রের ডজনখানেক অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সূত্র জানান, ওই চক্রের কিছু সদস্য কুমিল্লা পুলিশ মিডিয়া গ্রুপে ঘাপটি মেরে বসে আছে।

এই পরিস্থিতিতে প্রেসক্লাব নেতাদের সাথে কথা বলে এসব কথিত সাংবাদিকদের গ্রুপ থেকে বের করে একটি দায়িত্বশীল গ্রুপ গঠন করা জরুরি। এই গ্রুপ থেকে মূলধারার কয়েকজন সিনিয়র সাংবাদিককে রিমুভ করার পর গ্রুপে সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সবাই নিজনিজ অবস্থান থেকে প্রতিবাদ করেছেন। মিডিয়া সেলের দায়িত্বশীল একজন প্রতিবাদী সবাইকে ফোন করে জানিয়েছেন যে, ভুলবশত রিমুভ হয়ে গেছে এবং শিগগিরই গ্রুপে ওদের এড করে নেয়া হবে।

কুমিল্লার সিনিয়র সাংবাদিক মোঃ শহিদুল্লাহ বলেন, পুলিশ ও সাংবাদিকরা মিলেমিশে বিগত দিনে কাজ করেছেন এবং এখনো করছেন। তিনি আরও বলেন, একটি ওয়াটসআপ গ্রুপ থেকে মূলধারার সিনিয়র সাংবাদিকদের রিমুভ করে তথাকথিত “ব” কলম সাংবাদিকদের গ্রুপে রেখে আমাদের লজ্জা দেওয়া সত্যি ব্যাধনাদায়ক। কুমিল্লার চৌকস মেধাবী পুলিশ সুপার এসপি আবদুল মান্নান সাহেব ও মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি বিষয়টি গুরুরত্ন সহকারে দেখবেন বলে আমরা আশাবাদী। তাদের এই ভূমিকা সাংবাদিকতার মর্যাদা রক্ষায় এবং অপ-সাংবাদিকতা দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংবাদিকতার নীতিমালা ও নৈতিকতা: সাংবাদিকতার মৌলিক নীতিমালা হলো সততা, নির্ভুলতা, ও পক্ষপাতহীনতা। এই তিনটি হলো সাংবাদিকতার নীতিমালার মূল ভিত্তি। সাংবাদিকতায় নৈতিকতা বা এথিকস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। একটি গণমাধ্যম একজন বা একাধিক ব্যক্তির অর্থ বিনিয়োগে পরিচালিত হলেও, গণমাধ্যমের মালিক বা পরিচালকদের উচিত সংবাদের নিরপেক্ষতা ও সত্যতা নিশ্চিত করা। সাংবাদিকতায় সততা ও নির্ভুলতা অপরিহার্য। প্রতিটি সংবাদের সাথে সঠিক ও নিরপেক্ষ তথ্য প্রদান করা এবং সংবাদের প্রতি পক্ষের মতামত সমানভাবে তুলে ধরা উচিত। সাংবাদিকতা শুধুমাত্র তথ্য প্রকাশ করার মাধ্যম নয়, এটি সমাজের কণ্ঠস্বর। সাংবাদিকদের উচিত তাদের কাজের মাধ্যমে সমাজের উন্নতি সাধন করা এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া। কুমিল্লার মতো একটি জেলায় যেখানে সাংবাদিকতা একটি গর্বিত পেশা হিসেবে দেখা হয়, সেখানে কিছু অশিক্ষিত ও মাদকাসক্ত ব্যক্তির অপকর্ম সমগ্র পেশার মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। এই অপকর্মীরা নিজেদেরকে ভূঁইফোড় সংগঠনের নেতা পরিচয় দিয়ে সাধারণ মানুষের পারিবারিক বিষয় সামনে এনে ব্লাকমেইলিং করে থাকে। এই অপকর্মীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তাদের অপকর্ম প্রকাশ করা জরুরি।

আমরা আশা করি কুমিল্লার সিনিয়র সাংবাদিক মোঃ শহিদুল্লাহ এবং মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবেন এবং সাংবাদিকতার মর্যাদা রক্ষা করবেন। সত্যিকারের সাংবাদিকদের উচিত এই অপকর্মীদের বিরুদ্ধে একত্রিত হয়ে প্রতিবাদ করা এবং সাংবাদিকতার সত্যিকারের চেহারা তুলে ধরা। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করতে চাই এবং সাংবাদিকতার মর্যাদা রক্ষায় সকলের সহায়তা চাই।

 

লেখক : শিক্ষানবিশ আইনজীবী ও সাংবাদিক।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

দীপা রানী সরকার : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। মাদকাসক্ত কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মারামারি এবং র‍্যাগিংয়ের মতো ঘটনায় জড়িত হচ্ছে। এতে নবীন ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে।

 

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

– বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত তদারকি

– মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা

– র‍্যাগিং ও সহিংসতা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন

– শিক্ষার্থীদের নিরাপত্তায় হল প্রশাসনের সক্রিয় নজরদারি বৃদ্ধি

– মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ

– শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে নিয়মিত ডোপ টেস্ট চালু

 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান মিঞা বলেন, “কুবির আবাসিক হলগুলো গাঁজাসেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বহিরাগতদের প্রশ্রয় দিয়ে হলের ছাদে গাঁজা খাওয়া হচ্ছে। আমরা খুবই শঙ্কিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মাদকের পক্ষে অবস্থান নিয়েছে?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রভোস্টদের সঙ্গে বৈঠক হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পূর্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রসঙ্গত, এর আগে মাদক সম্পৃক্ততার কারণে ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিকতা বাতিলসহ একাডেমিক বহিষ্কার করা হয়েছিল।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
Skip to toolbar