সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

আওয়ামী দোসর ডালিম-মামুনের নিয়ন্ত্রণে ইপিজেড সুবিধা নিচ্ছেন বিএনপি নেতারা!

অনলাইন ডেস্ক : প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৮:৫৫ পিএম
আওয়ামী দোসর ডালিম-মামুনের নিয়ন্ত্রণে ইপিজেড সুবিধা নিচ্ছেন বিএনপি নেতারা!
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। সেই সঙ্গে ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আওয়ামী লীগ আমলে জুট ব্যবসা নিয়ন্ত্রণকারী নেতাকর্মীরাও। আত্মগোপনে থেকেও জুট ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক সময়ের সাবেক এমপি বাহারের অর্থ ও অস্ত্র যোগানদার একাধিক মামলার আসামী মামুন ও ডালিম। অভিযোগ রয়েছে, অবৈধ সরকারের সময়ে কুমিল্লা ইপিজেডে বেপজা কার্যালয়ে যোগদান করা কোনো কর্মকর্তা-কর্মচারী এখনো বহাল তবিয়তে। এই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের সময়কার ক্ষমতার দাপট দেখিয়ে যারা ইপিজেড নিয়ন্ত্রণ করতেন, এখনো তাদের নিয়ন্ত্রণেই ইপিজেড।
বেপজার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত ও দলের মিল থাকায় ডালিম ও মামুন সেই আগের মতোই ইপিজেড থেকে সকল প্রকার সুযোগ সুবিধা নিচ্ছেন। অভিযোগ উঠেছে ডালিম ও মামুন দীর্ঘ সাড়ে ১৬ বছরে ইপিজেড থেকে জিরো থেকে হিরো বনে গেছেন। তাদের অবৈধ উপায়ে আয়ের বিশাল একটি অংশের ভাগ পেতেন কুমিল্লা সদর আসনের এমপি হাজ্বী আ ক ম বাহাউদ্দীন বাহার। ডালিম ও মামুনের অর্থ ও অবৈধ অস্ত্র এমপি বাহারকে শক্তিশালী করে তুলেছিলেন। অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডালিম ও মামুনের অর্থ ও অবৈধ অস্ত্র কুমিল্লার অলিগলিতে ছড়িয়ে পড়ে। সেই অস্ত্রের গুলিতে বহু পরিবার সন্তান হারা, কেউ স্বামী বা ভাইকে হারিয়েছেন। কেউ কেউ পঙ্গুত্ব বরণও করেছেন জুলাই ছাত্র আন্দোলনের সময়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানান, ডালিম ও মামুন জুট ব্যবসার আড়ালে মাদক ও অবৈধ অস্ত্রের চালানও দিতেন।
অভিযোগ রয়েছে ডালিম ও মামুনের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে তাদের পূর্ণবহাল রাখতে কিছু বিএনপি নেতা উঠে পড়ে লেগেছেন। ডালিম ও মামুনের বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকলেও দিব্যি ইপিজেডে ব্যবসা করে যাচ্ছেন। ডালিম ও মামুনকে রাজনৈতিক নেতা ছাড়াও সার্বিক সহযোগিতা করছেন ইপিজেডের সাবেক বেপজা কর্মকর্তা-কর্মচারী, সিকিউরিটি ইনচার্জ, ইপিজেড ফাঁড়ি ইনচার্জসহ আরও অনেকে।
ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী স্থানে কুমিল্লা ইপিজেডের অবস্থান হওয়ায় পণ্য পরিবহনে বাড়তি সুবিধা থাকায় কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ বাড়ছে। ১৯৯৯ সালের ৭ মার্চ ২৬৭ দশমিক ৪৬ একর জমি নিয়ে কুমিল্লা ইপিজেডের যাত্রা শুরু হয়। বর্তমানে এখানে ২৩৯টি প্লট রয়েছে। প্রায় ৬৫টি ফ্যাক্টরি রয়েছে। ইতিমধ্যে সব প্লট বরাদ্দের চুক্তি হয়ে গেছে। চীন, তাইওয়ান, ফ্রান্স, হংকং, মরিশাস, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশের বিনিয়োগকারীরা কুমিল্লা ইপিজেডে বিনিয়োগ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কোম্পানির বাঙালি কর্মকর্তারা জুট ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকে টাকা নিয়ে জুট ব্যবসায়ী মামুন ও ডালিমসহ বিএনপির নেতাদের সাথে চুক্তিবদ্ধ হয়। এর মধ্যে জুট ব্যবসায়ী মামুন নাসা ডেনিম, ডানা স্পিনার, নাসা স্পিনিং, সুতি-গার্মেন্ট ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করে। ডালিম ব্যান্ডিক্স কোম্পানি জয়েন ডিবি জুতা ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করে। যা প্রতি মাসে কোটি টাকা আয় করে। কাস্টমসের মাধ্যমে এসব মালামাল ইপিজেড গেট থেকে বের করে। এসব জুট নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী ডালিম, মামুনসহ অনেকেই ব্যবসা করে আসছে। এছাড়াও অন্যান্য কোম্পানিগুলোও ডালিম ও মামুনের সাথে জড়িত রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীরা পালিয়ে গেলেও ডালিম, মামুনসহ অনেকে আত্মগোপনে থেকে বিএনপির সাথে যোগসাজশে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়াও অনেক সরকারি কর্মকর্তারা বদলি হলেও বেপজার কেউই বদলি হয়নি। বিভিন্ন বাড়ি, ফ্ল্যাটে বসে গোপন মিটিংয়ের মাধ্যমে এসব চালিয়ে যাচ্ছে। তার মধ্যে ইপিজেডের কতিপয় কর্মকর্তা, সিকিউরিটি ইনচার্জ খলিলুর রহমান, ইপিজেড পুলিশ ফাঁড়ি ইনচার্জের সাথে মামুন ও ডালিমসহ বিএনপির নেতাকর্মীদের যোগসাজশে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুরো ইপিজেড তাদের নিয়ন্ত্রণে। নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা ইপিজেড এলাকার একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, বিগত শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় নেতা যারা ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত এবং শিল্প এলাকায় চাঁদাবাজি করত তাদের সঙ্গে যুক্ত হয়েছে সরকার পতনের পর নতুন চাঁদাবাজরা। মূলত শিল্প এলাকায় ঝুট ব্যবসা ও চাঁদাবাজি নিজের নিয়ন্ত্রণে রাখতেই শ্রমিকদের উস্কে দেওয়া হচ্ছে।
বিএনপির একাধিক নেতাকর্মী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, কুমিল্লা ইপিজেডে আওয়ামী লীগের ব্যবসায়ীরা এখন দাপটের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার কারণ হচ্ছে বিএনপি নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া। ডালিম ও মামুন রাতের আধারে বিএনপির নেতাকর্মীদের সাথে গোপন মিটিং ও কমিশনের মাধ্যমে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

রুহুল আমিন চৌধুরী সুমন : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:২২ এএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি কাজী নজরুল ইসলাম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র আলোচনার সৃষ্টি হলেও তদন্ত শেষে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হিসেবে চিহ্নিত হয়েছে। হল তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বিশেষ করে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

 

গত ১৫ এপ্রিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী আরিফুল ইসলাম হল তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি ১১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করেন এবং আরও ১৫-১৬ জন অজ্ঞাতনামা শিক্ষার্থী তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে দাবি করেন। এ অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক অভিযুক্তদের ডেকে ২০ মার্চ রাতে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ আলোচনার পর প্রমাণ ও বিবরণ পর্যালোচনা করে বিষয়টি ভুল বোঝাবুঝি হিসেবে মীমাংসা করা হয়।

 

অভিযোগকারী আরিফুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, “এটি আসলে ভুল বোঝাবুঝি ছিলো। তত্ত্বাবধায়ক স্যার সমাধান দিয়েছেন, আমি তাতে সন্তুষ্ট। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না।”

 

অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের তারেক রহমান অভিযোগকে চক্রান্ত আখ্যা দিয়ে বলেন, “এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে অনেকেই পদপ্রার্থী, তাই লড়াইটা আসলে নিজ ঘরের ভেতরেই।”

 

তত্ত্বাবধায়ক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অসত্য।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

দীপা রানী সরকার : প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে মাদকমুক্ত পরিবেশের দাবিতে শিক্ষার্থীদের ছয় দফা স্মারকলিপি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোকে মাদকমুক্ত করার দাবিতে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার (১৯ এপ্রিল) উপাচার্য ও প্রক্টর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিজয়-২৪ হলে অনাকাঙ্ক্ষিত ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হলে নিয়মিত গাঁজাসেবনের আসর বসানো হচ্ছে, যা আইনবিরোধী এবং একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। মাদকাসক্ত কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, মারামারি এবং র‍্যাগিংয়ের মতো ঘটনায় জড়িত হচ্ছে। এতে নবীন ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অনিরাপত্তা তৈরি হয়েছে।

 

স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

– বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত তদারকি

– মাদকাসক্ত ও সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা

– র‍্যাগিং ও সহিংসতা বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন

– শিক্ষার্থীদের নিরাপত্তায় হল প্রশাসনের সক্রিয় নজরদারি বৃদ্ধি

– মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ

– শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি শনাক্তে নিয়মিত ডোপ টেস্ট চালু

 

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. ইমরান মিঞা বলেন, “কুবির আবাসিক হলগুলো গাঁজাসেবনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে। বহিরাগতদের প্রশ্রয় দিয়ে হলের ছাদে গাঁজা খাওয়া হচ্ছে। আমরা খুবই শঙ্কিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মাদকের পক্ষে অবস্থান নিয়েছে?”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং প্রভোস্টদের সঙ্গে বৈঠক হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পূর্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

প্রসঙ্গত, এর আগে মাদক সম্পৃক্ততার কারণে ১৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে আবাসিকতা বাতিলসহ একাডেমিক বহিষ্কার করা হয়েছিল।

চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:০৬ পিএম
চান্দিনায় মুখোশধারী ডাকাতদের তাণ্ডব, প্রবাসীর বাড়িতে সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট

এটিএম মাজহারুল ইসলাম:
কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত অস্ত্রের মুখে এক প্রবাসীর পরিবারকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে প্রবাসী ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফয়সাল আহমেদ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ডাকাত তার বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, ১৭০ সৌদি রিয়াল, একটি আইফোন ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা আল-আমিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পরচঙ্গা গ্রামের আলী মিয়ার ছেলে বলে জানা গেছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
Skip to toolbar