রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আওয়ামী লীগ সরকারের ১৫ বছর, ব্যাংকে অবাধ লুটপাট

অনলাইন ডেস্ক : প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৪:২৯ এএম
আওয়ামী লীগ সরকারের ১৫ বছর, ব্যাংকে অবাধ লুটপাট
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

অর্থনীতির লাইফলাইন বলা হয় ব্যাংক খাতকে। অথচ বিদায়ি শেখ হাসিনা সরকারের আমলে এ খাতটিকেই বেছে নেওয়া হয়েছিল লুটপাটের ক্ষেত্র হিসেবে। ঋণের নাম করে টাকা নিয়ে ব্যাংকগুলোকে বানানো হয়েছিল অর্থ লুটের কারখানা।

 

২০১১ সালে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার সেই হলমার্ক ঋণ কেলেঙ্কারি দিয়ে শুরু, আর থামাথামি নেই। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তথ্যমতে, গত ১৫ বছরে ব্যাংক খাত খেকে ঋণের নামে লুটপাট করা হয়েছে ৯২ হাজার কোটি টাকা।

 

তবে অর্থনীতিবিদরা মনে করেন, শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাত থেকে অর্থ লোপাটের পরিমাণ আরও বেশি। কারণ গত ১৫ বছরে খেলাপি ঋণ যে হারে বেড়েছে, অতীতে আর কখনো সেভাবে খেলাপি ঋণ বাড়তে দেখা যায়নি। যেমন ২০০৯ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। চলতি বছরের মার্চ পর্যন্ত এর পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। যদিও প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি।

 

অর্থনীতিবিদ ও বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন সময়ের আলোকে বলেন, বিদায়ি শেখ হাসিনা সরকারের তিন মেয়াদে দেশের ব্যাংক খাতে বড় বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। একেকবারে ৩ হাজার, সাড়ে ৪ হাজার কোটি টাকা, আবার কখনো দেড়-দুই হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে একেকটি ব্যাংক থেকে। আর এসব ঋণ নিয়েছেন সরকারের কাছের লোকেরা বা সরকারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরা। আসলে যেভাবে ব্যাংক খাত থেকে টাকা লোপাট হয়েছে সেটি অনেকটা দিনদুপুরে সবার চোখের সামনে দিয়ে চুরি করে নেওয়ার মতো।অর্থাৎ আমি বলতে চাচ্ছি, প্রকাশ্য দিবালোকে চুরির মতো করে ব্যাংক থেকে ঋণের নামে টাকা লোপাট হলেও বিদায়ি সরকার ছিল নীরব দর্শক। গত ১৫ বছরে একটি ঋণ কেলেঙ্কারির ঘটনা সরকার আমলে নিয়ে কঠোর শাস্তি দিয়েছে-এমনটি আমরা দেখিনি। আর একের পর এক এভাবে বড় ঋণ কেলেঙ্কারি হলেও শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটেছে। এভাবে লুটপাটের কারণেই দেশের ব্যাংক খাত এখন ‘মুমূর্ষু রোগীতে’ পরিণত হয়েছে।

 

ঋণ কেলেঙ্কারির আলোচিত ঘটনাগুলো : গবেষণা সংস্থা সিপিডির পক্ষ থেকে বলা হয়, ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে সরকারি-বেসরকারি ১৯টি ব্যাংকে ২৪টি বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে।

 

হলমার্ক কেলেঙ্কারি : আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে ২০১১ সালে। ওই বছর রাষ্ট্রায়ত্ত সোনালি ব্যাংক থেকে হলমার্ক গ্রুপ ঋণের নামে হাতিয়ে নিয়েছিল ৪ হাজার ৩৫৭ কোটি টাকা। হলমার্ক গ্রুপের এমডি তানভির আলমকে এই ঋণ নিয়ে দিতে সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সৈয়দ জে আর মোদাচ্ছির তদবির করেছিলেন বলে অভিযোগ ওঠে।

বেসিক ব্যাংক কেলেঙ্কারি : ২০১১-১২ সালে বেসিক ব্যাংকের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র পায় বাংলাদেশ ব্যাংক। এতে প্রধান ভূমিকা রাখেন বেসিক ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু। এই টাকা থেকে ১১০ কোটি টাকা দিয়ে ঢাকায় সেনানিবাসে দেড় বিঘা জমির ওপর একটি বাড়ি কিনেছিলেন তিনি।

 

বিসমিল্লাহ গ্রুপ : ২০১২-১৩ সালে বিসমিল্লাহ গ্রুপ কয়েকটি ব্যাংক থেকে ১ হাজার ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়। ঘটনা প্রকাশের পর দেশ ছেড়ে পালিয়ে যান বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলায়মান, পরিচালক আনোয়ার চৌধুরী, নওরীন হাসিবসহ ঋণগ্রহীতারা। ওই কেলেঙ্কারির ঘটনায় ক্ষতিতে পড়ে জনতা, প্রাইম, যমুনা, প্রিমিয়ার ও শাহজালাল ইসলামী ব্যাংক।

 

অ্যাননটেক্সের একক ঋণে বড় কেলেঙ্কারি : অ্যাননটেক্স গ্রুপের মালিক ইউনুস বাদল একাই। তার প্রতিষ্ঠানগুলোকে উদারভাবে ঋণ দেয় জনতা ব্যাংক। এক গ্রাহককেই মাত্র ৬ বছরে তারা দেয় ৫ হাজার ৫০৪ কোটি টাকার ঋণ ও ঋণসুবিধা। অ্যাননটেক্স জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকেই ১০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে। এই অর্থ ব্যাংকটির মোট মূলধনের ২৫ শতাংশ। নিয়মনীতি না মেনে এভাবে ঋণ দেওয়ায় বিপদে ব্যাংক, গ্রাহকও ঋণ পরিশোধ করতে পারছেন না। ফলে পাওনা এখন সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি, যার বড় অংশই এখন খেলাপি।

 

ক্রিসেন্ট কেলেঙ্কারি : ভুয়া রফতানি নথিপত্র তৈরি করে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হয়েছে। এভাবে সরকারের নগদ সহায়তা তহবিল থেকে ১ হাজার ৭৫ কোটি টাকা নিয়েছে ক্রিসেন্ট গ্রুপ। অপকর্মে সহায়তা করার পাশাপাশি ক্রিসেন্ট গ্রুপকে অর্থায়নও করেছে জনতা ব্যাংক। ক্রিসেন্টের কাছে জনতা ব্যাংকের পাওনা ২ হাজার ৭৬০ কোটি টাকা। বিদেশে রফতানির ১ হাজার ২৯৫ কোটি টাকা আটকা রয়েছে।

 

ইসলামী ব্যাংক : বেনামি কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা নিয়েছে এস আলম গ্রুপ। এ বিষয়ে ২০২২ সালের নভেম্বর মাসে ঋণ অনিয়মের অনুসন্ধানের জন্য উচ্চ আদালতে পিটিশন দাখিল করেন এক আইনজীবী। ইসলামী ব্যাংকে ২০২২ সালের নভেম্বর মাসে অপরিচিত ৯টি কোম্পানিকে নিয়ম লঙ্ঘন করে ৭ হাজার ২৪৬ কোটি টাকার দেওয়া হয়। মিথ্যা তথ্যে রাজশাহীর নাবিল গ্রুপের বিভিন্ন কোম্পানিকে এই ঋণ দেওয়া হয়।

 

২০১৭ সালে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনায় জোরপূর্বক পরিবর্তন হয়। এ সময় দুই ব্যাংকের এমডিকেও পদত্যাগে বাধ্য করা হয়। আর এসব পরিবর্তনে তড়িঘড়ি সম্মতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর পর থেকে ব্যাংক দুইটিতে বড় অনিয়ম শুরু হয়।

জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি : জনতা, প্রাইম, যমুনা, শাহজালাল ও প্রিমিয়ার ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপ নিয়ে গেছে ১ হাজার ১৭৪ কোটি ৪৬ লাখ টাকা।

 

২০১৬ সালে থার্মেক্স গ্রুপ এলসি জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে ৮১৬ কোটি টাকা ঋণ নেয়, যদিও জনতা ব্যাংকে ওই কোম্পানির ঋণসীমা ছিল ২৬৪ কোটি টাকা।

 

জনতা ব্যাংক থেকে ২০২০ সালে ঋণসীমা লঙ্ঘন করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ১ হাজার ২৪৮ কোটি টাকা এবং ২০২৩ সালে গ্লোবাল ট্রেডিং ১ হাজার ৭০ কোটি টাকা ঋণ নেয়।

 

অন্যান্য ব্যাংকের ঋণ কেলেঙ্কারি : এবি ব্যাংকে ১৬৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের ঘটনায় ব্যাংকটির চেয়ারম্যান ও কর্মকর্তাদের সম্পৃক্ত করে দুদক মামলা করেছে।

 

গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার ২০২১ সালে ৩ হাজার কোটি টাকার ঋণ অনিয়ম করেন। এ ঘটনায় দুদক ৩৭টি মামলা করেছে তার বিরুদ্ধে।

 

এনআরবি কমার্শিয়াল ব্যাংকে ২০১৬ সালে ৭০১ কোটি টাকার ঋণ বিতরণ করা হয় অনিয়মের মাধ্যমে। এ ছাড়া ভুয়া কোম্পানিকে ২ হাজার ৩২০ কোটি টাকার ঋণ দেয় সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

 

ফারমার্স ব্যাংকের অনিয়ম : অনুমোদন পাওয়ার পরই অনিয়মে জড়িয়ে পড়ে ফারমার্স ব্যাংক। ফলে একসময় গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। সরকারের উদ্যোগে ব্যাংকটি বাঁচাতে মূলধন সহায়তা দেয় সরকারি চার ব্যাংক ও একটি বিনিয়োগ সংস্থা। এখন ঘুরে দাঁড়াতে নাম পরিবর্তন করে ফারমার্স ব্যাংক হয়েছে পদ্মা। তবে ঋণের টাকা আদায় করতে পারছে না।

 

ইউনিয়ন ব্যাংকের বেনামি ঋণ : ভল্ট কেলেঙ্কারির পর ঋণেরও বড় অনিয়ম হয়েছে ইউনিয়ন ব্যাংকে। শুধু ট্রেড লাইসেন্সের ভিত্তিতে কোম্পানি গঠন করে ঋণের বড় অংশই বের করে নিয়েছে প্রায় ৩০০ প্রতিষ্ঠান। আবার অনেক ক্ষেত্রে ট্রেড লাইসেন্সও ছিল না। কাগুজে এসব কোম্পানিকে দেওয়া ঋণের বেশির ভাগেরই খোঁজ মিলছে না এখন। ফলে এসব ঋণ আদায়ও হচ্ছে না। ইউনিয়ন ব্যাংকের বিতরণ করা ঋণের ১৮ হাজার ৩৪৬ কোটি টাকা খেলাপি হওয়ার যোগ্য বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে, যা ব্যাংকটির মোট ঋণের ৯৫ শতাংশ।

 

সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ : সোশ্যাল ইসলামী ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সাল শেষে ব্যাংকটির আমানত ৩৪ হাজার ১৬৬ কোটি টাকা ও বিতরণ করা ঋণ ছিল ৩১ হাজার ২৭৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৬২০ কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের ৫ দশমিক ১৮ শতাংশ। কিন্তু ২০২১ সালভিত্তিক পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংক বলেছে, এসআইবিলের আরও ৫ হাজার ৬৭৯ কোটি টাকার ঋণ খেলাপি হওয়ার যোগ্য। এতে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়াবে ৭ হাজার ২৯৯ কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের ২৩ শতাংশের বেশি।

 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতের আরেক বড় কেলেঙ্কারির ঘটনা ঘটে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি। ২০১৬ সালে অজ্ঞাত পরিচয় হ্যাকাররা ভুয়া ট্রান্সফার ব্যবহার করে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে সুইফটের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার অর্থ হাতিয়ে নেয়। এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কা এবং ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপিন্সের জুয়ার আসরে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ওই ঘটনাকে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক তহবিল চুরির একটি বলে ধরা হয়। ব্যাংকের কর্মকর্তাদের নিরাপত্তা অবহেলা অথবা ইচ্ছাকৃত যোগসাজশেই এ ভয়াবহ কেলেঙ্কারির ঘটনা ঘটে বলেও পর্যবেক্ষণে প্রমাণিত হয়।

 

এদিকে চুরির কয়েক বছর পার হলেও এখনও এই ঘটনায় ব্যাংকের ভেতরে কারা জড়িত তা বের করতে পারেনি তদন্তকারী সংস্থা। চুরি হওয়ার সেই ঘটনা সে সময় প্রায় এক মাস গোপন রাখে বাংলাদেশ ব্যাংক। শেষ পর্যন্ত এর দায় নিয়ে পদত্যাগ করতে হয় তৎকালীন গভর্নর ড. আতিউর রহমানকে। অর্থ চুরি নিয়ে সে সময় সরকারিভাবে একটি তদন্তও হয়। তবে সেই তদন্ত প্রতিবেদনটি পরে আর আলোর মুখ দেখেনি।

বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ কেলেঙ্কারি : বাংলাদেশ ব্যাংকে জমা রাখা ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের স্বর্ণের চাকতি ও আংটি, তা হয়ে আছে মিশ্র বা শংকর ধাতু। ছিল ২২ ক্যারেট স্বর্ণ, হয়ে গেছে ১৮ ক্যারেট। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক অনুসন্ধান প্রতিবেদনে এ ভয়ংকর অনিয়মের তথ্য উঠে এসেছে। দৈবচয়ন ভিত্তিতে নির্বাচন করা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত ৯৬৩ কেজি স্বর্ণের পরীক্ষা করে বেশির ভাগের ক্ষেত্রে এ অনিয়ম ধরা পড়ে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে স্বর্ণের হেরফের হয়নি।

মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৩৯ পিএম
মিথ্যা মামলার আতঙ্ক ছড়ানো মনির আজ প্রধানমন্ত্রীর প্রোগ্রামে উল্লাসিত

Oplus_131072

কুমিল্লার বরুড়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহারের গানম্যান এস আই আই মনির। ২০২৪ সালের ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া এই মনিরকে আবারও জনসম্মুখে দেখা যায়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিএনপি জামায়াত নেতাকর্মীদের ভয় দেখিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিতেন এবং মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

পালিয়ে যাওয়ার আগে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে “প্রত্যয়” নামে একটি বিরিয়ানি হাউজ ও পরে রেস্তোরাঁ ব্যবসা চালু করেন। প্রত্যয় পরিচালনার সময়ও তার রাজনৈতিক প্রভাব বিস্তার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা প্রশ্ন তুলেছেন যারা একসময় জিয়া পরিবারের পতনের জন্য ব্যস্ত ছিলো, আজ তারা কিভাবে তারেক রহমানের পাশে এসে দাঁড়ালেন। গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিয়েও জনমনে সন্দেহ দেখা দিয়েছে এস আই মনিরের মতো বিতর্কিত চরিত্র প্রধানমন্ত্রীর সভায় কিভাবে প্রবেশ করলো এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতটা সক্ষম।

এই ঘটনায় কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

 

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

 

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

নাসির উদ্দিন : প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:২১ পিএম
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে জনতার ঢল

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সকাল ১০টা ৪৫ মিনিটে তার গাড়িবহর দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। ১১টা ৪৫ মিনিটে গাড়িবহর পৌঁছায় নিমসার এলাকায় এবং সোয়া ১২টায় আলেখাচর বিশ্বরোড অতিক্রম করেন।

 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দাউদকান্দি টোল প্লাজা থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত মহাসড়কজুড়ে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তারেক রহমান চাঁদপুর সফরের পথে বরুড়া উপজেলায় আয়োজিত পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

 

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সমর্থকরা এবং নিমসার বাজারে হাজি জসিম উদ্দিন এমপির সমর্থকরাও তাকে শুভেচ্ছা জানান।

 

এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপি, মহানগর বিএনপি ও সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান। বিজরা থেকে সভাস্থল পর্যন্ত লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বেও ব্যাপক উপস্থিতি দেখা যায়।

 

সফর ঘিরে জেলার গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সক্রিয় ভূমিকা পালন করেন। যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। কুমিল্লায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।’

×
Skip to toolbar