আদালত প্রাঙ্গণে ছিনতাইচক্রের সদস্য আটক : আইনজীবী সমিতির প্রশংসনীয় উদ্যোগ
দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে এবং ভুক্তভোগী বিচারপ্রার্থীদের অভিযোগের ভিত্তিতে কুমিল্লা আদালত প্রাঙ্গণে ছিনতাইচক্রের সদস্য মামুনকে আটক করেছে আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার আদালত পশ্চিম গেইটের সামনে থেকে মামুনকে হাতেনাতে ধরা হয়। এনরোলমেন্ট সেক্রেটারি এডভোকেট মনির হোসেন পাটোয়ারী, এডভোকেট মাহবুবুল আলম রিমন এবং এডভোকেট বেলাল হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন এবং মামুনকে পুলিশে সোপর্দ করেন।
আটক মামুন ছোটরা এলাকার বাসিন্দা এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ছিনতাইকারী দলের সদস্যরা দীর্ঘদিন যাবত আদালতের পশ্চিম ও পূর্ব গেইটে দূর দূরান্ত থেকে আসা নিরীহ বিচারপ্রার্থীদের টাকা পয়সা, মোবাইল, মানিব্যাগ, মহিলাদের স্বর্ণ গয়না সহ গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ ছিনতাই করে আসছে। এছাড়াও, বিয়ে করতে আসা যুবক-যুবতীর কাছ থেকে মিষ্টি খাওয়ার টাকা দাবি করে ছিনতাই করার অভিযোগ রয়েছে। চক্রের প্রধান বন্ধন বিষ্ণুপুর এলাকার বাসিন্দা এবং তার সহযোগী লিপু, প্রাঙ্গণ, রাব্বি এসময় পালিয়ে যায়।
এনরোলমেন্ট সেক্রেটারি মনির হোসেন পাটোয়ারী বলেন, “কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটি এই সমস্যার নিরসনে বিচারপ্রার্থীদের পাশে সবসময় আছে।” সমিতির কার্যকরী সদস্য মাহবুবুল আলম রিমন বলেন, “বিচারপ্রার্থীগণ আদালত প্রাঙ্গণে কোন সমস্যার সম্মুখীন হলে আমরা বর্তমান কমিটির সকলেই বিচারপ্রার্থীদের পাশে থাকবো।”
এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনজীবী সমিতির এই পদক্ষেপ প্রশংসনীয়। ভুক্তভোগী কৃষক, দিনমজুর, প্রবাসী এবং অন্যান্য সাধারণ মানুষ এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।












