বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

সত্য উন্মোচনের পথে বাঁধা, অবশেষে মুক্ত দুই সংবাদযোদ্ধা : শেষ হলো উৎকণ্ঠার অধ্যায়

রুহুল আমিন চৌধুরী সুমন প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৬:২১ পিএম
সত্য উন্মোচনের পথে বাঁধা, অবশেষে মুক্ত দুই সংবাদযোদ্ধা : শেষ হলো উৎকণ্ঠার অধ্যায়
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

রুহুল আমিন চৌধুরী সুমন 

সাংবাদিকতা যখন দায়িত্ব আর সত্য প্রকাশের নৈতিক চেতনায় নির্ভর করে, তখন একজন সাংবাদিকের প্রতিটি পদক্ষেপই হয় সমাজের দর্পণ। কুমিল্লার দুই নির্ভীক সাংবাদিক শাহজাদা এমরান ও তরিকুল ইসলাম তরুণ সেই সত্য অনুসন্ধানে নীলফামারী ভ্রমণে গিয়েছিলেন। কিন্তু এই ভ্রমণের মাঝপথেই তাঁরা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় সাংবাদিক সমাজ থেকে শুরু করে পুরো দেশজুড়ে দেখা দেয় চরম উৎকণ্ঠা ও উদ্বেগ।

দীর্ঘ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁদের সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ করতে পারেনি। ফোন বন্ধ, কোনো অবস্থান নির্ধারণ করা সম্ভব হয়নি। সকল হৃদয়ে প্রশ্ন কোথায় গেলেন তাঁরা? এমন পরিস্থিতিতে নিখোঁজ সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। উদ্বিগ্ন স্বজনদের আহাজারি, সহকর্মীদের অসহায় অপেক্ষা, এবং সংশ্লিষ্ট মহলে তোলপাড় তৈরি করে এই অজানা রহস্য।

পরে জানা যায়, শাহজাদা এমরান ও তরিকুল ইসলাম তরুণকে নীলফামারী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সন্দেহভাজন হিসেবে আটক করে। তাঁদের পরিচয় যাচাই ও অন্যান্য তথ্য পর্যালোচনার জন্য তাঁরা পুলিশের হেফাজতে ছিলেন।

বিষয়টি গভীর তদন্ত ও যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় তাঁদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ কিংবা অসঙ্গতির প্রমাণ মেলেনি। ফলে গতকাল বিকেলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তাঁরা সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে।

সাংবাদিক শাহজাদা এমরান দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক, কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সদস্য হিসেবে পরিচিত। অপরদিকে, তরিকুল ইসলাম তরুণ দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি হিসেবে সততা, দায়িত্ববোধ ও সাহসিকতার সঙ্গে পেশাদার সাংবাদিকতায় নিয়োজিত।

এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয়, তথ্য ও পরিচয় যাচাই যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন চলাচলের নিশ্চয়তা প্রদান করাও জরুরি। ঘটনাটি নিয়ে দেশের সাংবাদিক মহল স্বস্তি প্রকাশ করলেও, ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সকল মহলের সতর্কতা প্রত্যাশা করছেন অনেকে।

এ ঘটনাকে কেন্দ্র করে পেশাদার সাংবাদিকতায় দায়বদ্ধতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হলো। সত্য ও ন্যায়কে অনুসরণে তাঁদের অবিচল মনোভাব, নিঃসন্দেহে সাংবাদিকতার ইতিহাসে সাহসী অধ্যায় হয়ে থাকবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

দীপা সরকার : প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৫২ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে উত্যক্ত বহিরাগত যুবক আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, অভিযুক্ত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে কুবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লায় চলে আসলেও তার পিছু ছাড়েননি ওই যুবক। অবশেষে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে উত্যক্ত করার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

 

পরে প্রক্টরিয়াল বডি অভিযুক্ত যুবকের পরিবারকে ডেকে লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “আজ দুপুর ২টার দিকে এক বহিরাগত আমাদের এক ছাত্রীকে হেনস্তা করে। পরে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে তাকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসে। আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগ করি। পরবর্তীতে তার অভিভাবক ছেলের দায়িত্ব নিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লিখিত ও ভিডিও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৮ পিএম
কুমিল্লার শাহরিয়ার জনতার মতামতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি

দীর্ঘ পথচলার প্রতিটি ধাপে ছিল পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি। সেই পথ পেরিয়ে আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছেন মোঃ শাহরিয়ার। দৈনিক জনতার মতামত পত্রিকার সঙ্গে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়। সীমিত সুযোগের মধ্যেও সংবাদ সংগ্রহ, মাঠে ছুটে চলা, সময়ের সঙ্গে প্রতিযোগিতা করে খবর পাঠানো সবকিছুতেই ছিল তার একাগ্রতা।

 

প্রথম দিনগুলো সহজ ছিল না। প্রতিটি সংবাদ তৈরির পেছনে ছিল শ্রম আর নির্ঘুম রাত। তবুও থেমে থাকেননি তিনি। ধীরে ধীরে নিজের কাজের মান, নির্ভরযোগ্যতা ও পেশাদারিত্ব দিয়ে জায়গা করে নেন সহকর্মী ও কর্তৃপক্ষের আস্থার কেন্দ্রে। তার এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে সাব-এডিটর পদে পদোন্নতি দেওয়া হয়।

 

সাব-এডিটর হিসেবে দায়িত্ব পাওয়ার পরও থামেননি মোঃ শাহরিয়ার। বরং আরও বেশি দায়িত্ববোধ নিয়ে কাজ করে গেছেন। প্রতিটি সংবাদে তিনি রেখেছেন সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত দক্ষতার ছাপ। বছরের পর বছর একই ধারাবাহিকতায় কাজ করে গেছেন তিনি। তার এই দীর্ঘ পরিশ্রম, ধৈর্য এবং দক্ষতার মূল্যায়ন করেছেন দৈনিক জনতার মতামত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়।

 

অবশেষে সেই স্বীকৃতির শীর্ষে পৌঁছে তাকে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। এটি শুধু একটি পদোন্নতি নয়, এটি এক সংগ্রামী পথচলার অর্জন, এক স্বপ্ন পূরণের গল্প।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ শাহরিয়ার বলেন, এই অর্জন তার একার নয়। এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার ফল। তিনি বলেন, প্রতিটি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর সমর্থন তাকে শক্তি জুগিয়েছে সামনে এগিয়ে যেতে। তিনি আরও জানান, সততা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে তিনি গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কাজ করে যেতে চান।

 

সম্মানিত সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার মহোদয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, স্যারের দিকনির্দেশনা ও বিশ্বাসই তাকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। সবশেষে তিনি সহকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দৈনিক জনতার মতামত আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে। তার এই পদোন্নতি পত্রিকার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, অভিযুক্তদের দুই বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:২০ পিএম
চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, অভিযুক্তদের দুই বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে আহত হওয়া যুবক বশির উদ্দিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধরা অভিযুক্ত আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়ী দু’টি জ্বালিয়ে দেয়। নিহত বশির চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বৈদ্দেরখিল গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ৬ সদস্য আহত হয়েছে। তথ্যটি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল রাতে পৌর এলাকার বৈদ্দেরখিল গ্রামে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল বারেকের ছেলে আবু রশিদ ও একই এলাকার মানিক মিয়ার ছেলে নাদির এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় নাদির এর পক্ষের লোকজন আবু রশিদকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে আবু রশিদ এর দুই ছেলে আসিফ ও পারভেজ দলবল নিয়ে এসে নাদির এর পক্ষের লোকজনের উপর পাল্টা হামলা করে। হামলায় বশির গুরুতর আহত হয়। এ সময় হামলকারীরা বশির এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় বশির ও আবু রশিদকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে বশির ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বশির এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোর রাতে বিক্ষুব্ধরা আবু রশিদ এর দুইটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে তাদের দুইটি বসতঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২১ শে এপ্রিল রাতে বৈদ্দেরখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বশির উদ্দিন ও আবু রশিদ আহত হওয়ার ঘটনায় উভয় পরিবার থানায় দুইটি পৃথক মামলা দায়ের করে। মঙ্গলবার দিবাগত রাতে বশির এর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সংবাদ পেয়ে থানা পুলিশের একাধিক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায়। এই সময় বিক্ষুব্ধ জনতা আবু রশিদ এর দুইটি বাড়ীতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে গেলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।

নিহত বশির এর চাচাতো ভাই মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বশির পেশায় নির্মাণ শ্রমিক। ২১ শে এপ্রিল সংঘর্ষের সংবাদ শুনে তিনি উভয়পক্ষকে শান্ত করার জন্য ঘটনাস্থলে যান। কিন্তু আবু রশিদ এর পক্ষের লোকজন তাকে এলোপাতাড়িভাবে কোপানো ও শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করার কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে বশির এর মাথায় জটিল অপারেশন করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে মঙ্গলবার দিবাগত রাতে বশির সেখানে মৃত্যুবরণ করেন। বশির ৩ সন্তানের জনক।

৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন বলেন, মাদকের ক্রয়-বিক্রয়ের ঘটনাকে কেন্দ্র করে ২১ এপ্রিল রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি অভিযোগ করে বলেন, ৭নং ওয়ার্ডটি ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়াতে বেশ কয়েকটি সিন্ডিকেট এই এলাকাটি ব্যবহার করে মাদক কেনাবেচা সহ সরবরাহ করে আসছে। নাদির ও আবু রশিদ এর পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। নিহত বশিরকে মাদক ব্যবসায়ীদের বলি হতে হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, ২১ এপ্রিল বৈদ্দেরখিল এলাকায় ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ পরিবারই থানায় পৃথক ২টি মামলা করে। বিভিন্ন মাধ্যমে শুনেছি ওই ঘটনায় আহত হওয়ায় বশির নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা আবু রশিদের বাড়িতে অগ্নিসংযোগ করে। সংবাদ পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
Skip to toolbar