বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রাণ গেল জিসানের, জানাজায় সচিব ও জেলা প্রশাসক

মোঃ তারিকুল ইসলাম (তারেক)। প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ এএম
হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রাণ গেল জিসানের, জানাজায় সচিব ও জেলা প্রশাসক
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় ফুটবল খেলতে গিয়ে আকস্মিক অসুস্থ হয়ে মারা যাওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিসান আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৭টায় হোমনা উপজেলা পরিষদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় পুরো মাঠজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শোক ও সমবেদনা প্রকাশ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান, হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মইদ্দিন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিবারের পক্ষ থেকে জিসানের চাচা সাইদুল ইসলাম। বক্তারা জিসানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে শোকাহত জিসানের মায়ের পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার ও হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মইদ্দিন। সন্তানের শোকে মায়ের আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, সোমবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়ন দলের মধ্যকার ফুটবল খেলা চলাকালে হঠাৎ মাঠে পড়ে যায় জিসান। পরে তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার খবর পেয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাহফুজুল আলম খান হোমনায় আসেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এ সময় সচিবের মোবাইল ফোনের মাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক জিসানের অভিভাবকের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন। তিনি হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মইদ্দিনের সঙ্গেও কথা বলেন।

নিহত জিসান আহমেদ হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবা জালাল হোসেন প্রবাসে রয়েছেন। জিসান হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানাজা শেষে জিসানের মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হয়। তার বাবা প্রবাস থেকে দেশে ফেরার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হবে।

একটি আনন্দঘন ক্রীড়া আয়োজনের মধ্যে এমন মর্মান্তিক ঘটনায় হোমনাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় সহপাঠীকে হারিয়ে শোকাহত তার শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনেরা। বিশেষ করে সন্তানের মরদেহ সামনে রেখে মায়ের কান্না উপস্থিত মানুষের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে।

১৯ বছর ৭ মাস পর ডাকাতি মামলার রায়! ৮ আসামির কারাদণ্ড, একজন খালাস

তাপস চন্দ্র সরকার : প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম
১৯ বছর ৭ মাস পর ডাকাতি মামলার রায়! ৮ আসামির কারাদণ্ড, একজন খালাস

কুমিল্লার সদর দক্ষিণে প্রায় ১৯ বছর আগের একটি ডাকাতি মামলায় আট আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর সাতজনকে আট বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) কুমিল্লার যুগ্ম দায়রা আদালত-১২-এর বিচারক শেখ সাদী রহমান এ রায় ঘোষণা করেন।

 

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আবাদ মিয়া। আট বছর করে কারাদণ্ডপ্রাপ্ত অপর সাত আসামি হলেন মো. রফিকুল ইসলাম, মনির হোসেন, মো. আবুল খায়ের ওরফে মনির, দুলাল মিয়া ওরফে দুলাল, মো. তাজুল ইসলাম, মজিবুর রহমান ও মো. আবদুর রহিম ওরফে রহিম। অপর আসামি কামাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

 

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনির হোসেন, মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম এবং খালাসপ্রাপ্ত আসামি কামাল হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন।

 

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাকাশের উত্তরপাড়া এলাকায় বাদী মো. হারুন মজুমদারের বসতঘরে প্রবেশ করে একদল ডাকাত। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, একটি টর্চলাইট ও একটি টেপ রেকর্ডার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

 

এ ঘটনায় পরদিন ১১ এপ্রিল হারুন মজুমদার বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলায় আবাদ মিয়া, রফিকুল ইসলাম, মনির হোসেন, দুলাল মিয়াসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়।

 

মামলাটি তদন্ত করেন সদর দক্ষিণ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রসুল আহমেদ নিজামী। তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তিনি একাধিক আসামিকে গ্রেপ্তার করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০০৮ সালের ২৯ এপ্রিল মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় এবং তাঁর বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

 

পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আদালতে গড়ালে ২০১১ সালের ২১ নভেম্বর আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আমানুর রহমান খান তারিফ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।

 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায়ের মধ্য দিয়ে ২০০৭ সালের ডাকাতির মামলাটির বিচারিক নিষ্পত্তি হলো।

কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জনের ১০ বছর করে কারাদণ্ড

তাপস চন্দ্র সরকার : প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ৭ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর ২০২৬) কুমিল্লার পারিবারিক আপিল আদালত ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মতিউর রহমান, কামরুল ইসলাম হৃদয় ও জুয়েল রানা এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মরিয়ম আক্তার সুমি। তাঁদের মধ্যে কামরুল ইসলাম হৃদয় ও জুয়েল রানা আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতে সাজা ঘোষণা করা হয়।

 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ এপ্রিল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো সড়কে চৌদ্দগ্রাম বাজারের আমান হোটেলের সামনে চেকপোস্ট বসায় চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকার থামানোর সংকেত দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকের ওপর তুলে দেন।

 

পরে পুলিশ গাড়িতে থাকা ব্যক্তিদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মতিউর রহমানের কাছ থেকে ২ হাজার, কামরুল ইসলাম হৃদয়ের কাছ থেকে ১ হাজার, জুয়েল রানার কাছ থেকে ১ হাজার এবং মরিয়ম আক্তার সুমির ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া গাড়ির টুলবক্স থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৩৫টি প্যাকেটে মোট ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ছিল ৭০০ গ্রাম।

 

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

 

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে পাঁচজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আসামিপক্ষের দাবি ছিল, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাঁদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি। তবে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন।

 

রায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯ (১) ধারার টেবিল ৯ (খ) অনুযায়ী চার আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১৯ (৪) ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

আদালত আরও জানান, সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হলে অথবা তাঁরা আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের সাজা কার্যকর হবে। মামলায় বিচারাধীন অবস্থায় হাজতে থাকার সময় সাজা থেকে বাদ যাবে। জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাহিদ সুলতানা। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আজিজুল হক ভূঁইয়া।

দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

অনলাইন ডেস্ক : প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১:০৩ পিএম
দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

Oplus_131072

ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে তাঁর আইনজীবীরা এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এ ধরনের এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই আবেদনকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। রয়টার্সকে তিনি বলেছেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আইনজীবীরা আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন। তাঁদের যুক্তি, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তির অধীনে থাকা বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে আবেদনগুলো নিষ্পত্তি করা উচিত।

এদিকে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে রয়টার্স। বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স।

×