সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের জ্বলছে মিঝি ব্রিকস
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর এলাকায় অবস্থিত ‘মিঝি ব্রিকস’ নামের একটি ইটভাটা দীর্ঘদিন ধরে সরকারি অনুমোদন ছাড়াই অবাধে পরিচালিত হয়ে আসছে। একাধিকবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে চুল্লি ভেঙে দিয়ে লাল সাইনবোর্ড টানিয়ে ভাটা বন্ধ ঘোষণা করলেও কার্যত কোনো স্থায়ী ব্যবস্থা নেয়নি কুমিল্লা পরিবেশ অধিদপ্তর।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক তৎপরতা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ। পরিবেশ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় অভিযান শেষ হওয়ার পরপরই আবারও আগুন জ্বালিয়ে চালু করা হয় ভাটার কার্যক্রম। গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ ও জরিমানা আদায়ের পরও বন্ধ হয়নি ইট পোড়ানো।
সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের হেড অফিস থেকে কুমিল্লা অফিসকে ভাটা বন্ধে চিঠি দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ইতোমধ্যে কাঠ পুড়িয়ে ইট পোড়ানো শুরু করেছে কথিত মালিকপক্ষ। সরকারি বিভিন্ন দপ্তর ও স্থানীয় প্রভাবশালীদের আনুকূল্য পেতে দৌড়ঝাঁপ করছে তারা।
এলাকাবাসীর পক্ষে নাসির উদ্দীন নামের এক ব্যক্তি বন ও পরিবেশ উপদেষ্টা, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, ইউএনও ও এসি ল্যান্ড বরাবর গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ দাখিল করেছেন। গত ২৬ মে পরিবেশ অধিদপ্তরের উপ মহাপরিচালক সোহরাব আলী কুমিল্লা অফিসকে আইনানুগ ব্যবস্থা নিতে চিঠি দিলেও এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি কুমিল্লা পরিবেশ অধিদপ্তর।
এ বিষয়ে উপপরিচালক মোসাব্বের হোসেন রাজিব বলেন, “চিঠি পেয়েছি। স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে দ্রুত অভিযান চালানো হবে।”
সরেজমিন ঘুরে দেখা যায়, ‘মিঝি ব্রিকস’-এর চারপাশে রয়েছে ঘনবসতি, একটি মসজিদ, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসা। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও পথচারী কালো ধোঁয়া ও ধুলাবালির কবলে পড়ছেন। শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা স্বাস্থ্য জটিলতা বাড়ছে।
এছাড়া কৃষিজমি থেকে নির্বিচারে মাটি কেটে নেওয়ায় ফসলি জমি ধ্বংসের মুখে পড়েছে। বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘরবাড়ি ও কৃষি উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে।
এক ক্ষুব্ধ বাসিন্দা বলেন, “দিনে অভিযান হয়, রাতে আগুন জ্বলে ওঠে। আমাদের শিশুদের ভবিষ্যৎ আজ ধোঁয়ার কুণ্ডলীতে বন্দি।”
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত ভাটাটি গুঁড়িয়ে দিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।

















