এলডিপি ছাড়লেন সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ, বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন কুমিল্লা (চান্দিনা-৭) আসনে
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫ইং) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি দলে যোগদান করেন।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা (চান্দিনা-৭) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ড. রেদোয়ান আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. রেদোয়ান আহমেদ বলেন, দীর্ঘ সময় ধরে এলডিপি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল। আসন বণ্টন ও নির্বাচনী সমঝোতার বিষয়ে বিএনপির সিদ্ধান্তের সঙ্গে তিনি নিজে এবং এলডিপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য ও তৃণমূলের নেতাকর্মীরা একমত ছিলেন। তবে দলের চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ এ বিষয়ে ভিন্নমত পোষণ করায় রাজনৈতিকভাবে মতবিরোধ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, আমি আশা করি অলি আহমেদের শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি নির্বাচনী সমঝোতায় আসবেন। তবে তিনি নির্বাচনে অংশ নিন বা না নিন, আমি বিএনপির সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনে অংশ নেবো।
ড. রেদোয়ান আহমেদ উল্লেখ করেন, বিএনপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের এবং এই যোগদানের মাধ্যমে তিনি মূলত নিজের রাজনৈতিক ঘরেই ফিরে এসেছেন। ইতোমধ্যে তিনি এলডিপির চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও জানান।
ড. রেদোয়ান আহমেদকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এলে যেমন আনন্দ হয়, ঠিক তেমনি ড. রেদোয়ান আহমেদের ফিরে আসা বিএনপির জন্য আনন্দের। তার এই যোগদান দলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।
তিনি আরও বলেন, এলডিপির একটি বড় অংশ আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করবে বলে তিনি আশাবাদী।



















