কুমিল্লাসহ দেশজুড়ে আলোচনায় উপদেষ্টাদের সাধারণ পাসপোর্ট আবেদন
Oplus_131072
নির্বাচনকালীন সংবেদনশীল বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা তাদের কূটনৈতিক (লাল) পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন। অর্থ, স্বরাষ্ট্র, তথ্য, প্রাথমিক ও গণশিক্ষাসহ সাত মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পুলিশের মহাপরিদর্শক, সচিব এবং বিচারপতিরাও এ তালিকায় রয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টিকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, তিনি বা তার স্ত্রী পাসপোর্ট জমা দেননি। তবে স্বীকার করেন, দায়িত্ব শেষে বিদেশ ভ্রমণের প্রয়োজন থাকায় কেউ কেউ আগেভাগে সাধারণ পাসপোর্টের আবেদন করছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিতর্ক এড়ানো, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় ভ্রমণ আলাদা রাখা কিংবা ভবিষ্যৎ ভিসা জটিলতা কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। অন্যদিকে সমালোচকরা বলছেন, উপদেষ্টাদের মধ্যে কয়েকজন দ্বৈত নাগরিকত্বধারী। তারা নির্বাচনের পরপরই বিদেশে চলে যেতে চাইছেন। ফলে এই পদক্ষেপকে অনেকেই ‘সেফ এক্সিট’ নিশ্চিত করার কৌশল হিসেবে দেখছেন।
সূত্র জানায়, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও সম্প্রচার ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ইতোমধ্যে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন।
সরকারি নিয়ম অনুযায়ী, দায়িত্ব শেষে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর বাধ্যতামূলক। তবে দায়িত্বকালীন সময়ে আবেদন করলে দ্রুত সাধারণ পাসপোর্ট পাওয়া যায়। এ কারণে অনেকেই আগেভাগে পদক্ষেপ নিচ্ছেন। সমালোচকদের মতে, রাজনৈতিক অনিশ্চয়তা ও দুর্নীতি আড়াল করতেই এই আগাম জমা দেওয়া।
সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। অনেক উপদেষ্টা ঝামেলা এড়াতে আগেই পাসপোর্ট জমা দিচ্ছেন। আরও অনেকেই দ্রুত একই পদক্ষেপ নিতে পারেন।




















