শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

হোমনা পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে বিশেষ অভিযান

তারিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
হোমনা পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে বিশেষ অভিযান
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লার হোমনা পৌর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার অবসানে বিশেষ অভিযান শুরু করেছে হোমনা পৌরসভা। সোমবার পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন পৌর প্রশাসক আহমেদ মোফাচ্ছের।
অভিযানকালে তিনি ড্রেনে জমে থাকা পানি দ্রুত অপসারণের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে কঠোর নির্দেশনা প্রদান করেন। প্রশাসক জানান, দীর্ঘদিনের অবহেলা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। আগামী তিন দিনের মধ্যে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং অচিরেই ড্রেন সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরু হবে।
অভিযানের সময় দুটি বহুতল ভবনের সেফটি ট্যাংকের বর্জ্য অবৈধভাবে পৌর ড্রেনের সঙ্গে সংযুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সংশ্লিষ্ট দুই ভবন মালিককে তাৎক্ষণিকভাবে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর প্রশাসন জানিয়েছে, ড্রেন দখল বা অবৈধ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পৌর প্রশাসক বলেন, “জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে তদারকি জোরদার করা হবে এবং স্থায়ী সমাধানে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের আশা, নিয়মিত মনিটরিং ও কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।
উল্লেখ্য, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতির কারণে বর্ষা মৌসুমে হোমনা পৌর এলাকায় প্রায়ই জলাবদ্ধতা সৃষ্টি হয়। চলমান এই বিশেষ অভিযানকে সমস্যার টেকসই সমাধানের পথে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গোমতীর তীরে কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়া, আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৭:০৯ পিএম
গোমতীর তীরে কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়া, আতঙ্কে স্থানীয়রা

কুমিল্লা নগরীর গোমতী নদীর তীরবর্তী এলাকায় কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়ার অভিযোগ উঠেছে। গতকাল (১ মে) বিকেলে ভাটারপুকুর, কাপ্তানবাজার, বৌবাজার হয়ে চানপুর সারোয়ার স্কুল রোড পর্যন্ত বিস্তৃত এলাকায় শতাধিক কিশোরের একটি সংঘবদ্ধ দল প্রকাশ্যে দাপট দেখায়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। জানা যায়, “ক্রাইম সেটআপ” নামক কিশোর গ্যাং টি দীর্ঘদিন প্রকাশ্যে এবং সোসাল মিডিয়ায় অস্ত্রের মহড়া দিয়ে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ করেই ১০০ থেকে ১৫০ জনের মতো কিশোর বিভিন্ন দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্র হাতে এলাকায় মহড়া শুরু করে। তাদের হাতে রামদা, চাপাতি ও লাঠিসোটা দেখা যায়। এ সময় তারা সড়কে চলাচলকারী সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে এবং পুরো এলাকায় এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এমন পরিস্থিতিতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আতঙ্কে অনেকেই দোকানপাট আগেভাগেই বন্ধ করে দেন। একাধিক ব্যবসায়ী বলেন, “এইভাবে যদি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চলতে থাকে, তাহলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়বে।”
অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। তাদের ধারণা, এসব কিশোরদের একটি বড় অংশ স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী। ফলে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও নৈতিক অবক্ষয় নিয়ে শঙ্কা বাড়ছে।
এলাকাবাসীর অভিযোগ, কিশোর গ্যাংয়ের এমন তৎপরতা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে একই ধরনের ঘটনা ঘটেছে। তবে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

অবৈধ দখল পুনরুদ্ধার করে খাল খননের দাবিতে চৌদ্দগ্রামে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৩:৪৪ পিএম
অবৈধ দখল পুনরুদ্ধার করে খাল খননের দাবিতে চৌদ্দগ্রামে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: বন্যার করাল গ্রাস ও কৃত্রিম জলবদ্ধতা থেকে চৌদ্দগ্রামকে রক্ষার লক্ষ্যে অবৈধ দখলকৃত খাল পুনরুদ্ধার করে নতুনভাবে খাল খননের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে সংবাদ সম্মেলন করেছে উপজেলা নাগরিক কল্যাণ সংস্থা।

শনিবার (২ মে) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ একটি মিলনায়তনে চৌদ্দগ্রাম নাগরিক কল্যাণ সংস্থার ব্যানারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২০২৪ এর ভয়াবহ বন্যার কথা স্মরণ করিয়ে দিয়ে চৌদ্দগ্রামকে বন্যার করাল গ্রাস এবং জলাবদ্ধতা থেকে রক্ষার লক্ষ্যে অবৈধভাবে দখলকৃত উপজেলার প্রতিটি খাল পুনরুদ্ধার করে অবিলম্বে মরা খালগুলো খননের জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম নাগরিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বাদশা।

এ সময় একাত্বতা পোষণ করে দখলকৃত খাল পুনরুদ্ধার ও নতুনভাবে খননের বিষয়ে যৌক্তিক দাবি তুলে ধরে বক্তব্য রাখেন নাগরিক কল্যাণ সংস্থার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. খোরশেদ আলম।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম নাগরিক কল্যাণ সংস্থার সদস্য মো. ফারুক হোসাইন শামীম, কাজী মো. জাকির হোসেন, মাস্টার মো. আব্দুল কুদ্দুস, মো. মিজানুর রহমান টিটু, মো. সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, ভৌগলিক অবস্থান ও রাজনৈতিক দিক থেকে চৌদ্দগ্রাম দেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ভারতীয় সীমান্তবর্তী এ উপজেলায় রয়েছে দেশের লাইফ লাইন খ্যাত ৪৪ কিলোমিটার মহাসড়ক। ভৌগলিক কারণে প্রাচীন কাল থেকে অত্র উপজেলাটি প্রাকৃতিক দুর্যোগমুক্ত একটি অঞ্চল হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে বন্যায় সারাদেশেরে বিভিন্ন অঞ্চল প্লাবিত হলেও চৌদ্দগ্রামে ২৪ ঘন্টার বেশি সময় বন্যার পানির স্থায়ীত্ব থাকার কোনো নজির নেই। এভাবে দুর্যোগমুক্ত থাকার মূল কারণটি ছিল, প্রাকৃতিকভাবেই অবাধ ও পর্যাপ্ত পানি নির্গমনের সু-ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে অত্যন্ত বিস্ময় এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে, আমাদের এ নিরাপদ অঞ্চলটি পর্যায়ক্রমে বন্যা সহ অতি প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকা হিসেবে পরিনত হচ্ছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় এ অঞ্চলে বসবাসকারী প্রায় প্রতিটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসময় প্রায় প্রতিটি এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস-স্থাপনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ডুবে যাওয়া সহ গবাদিপশুর জীবন নাশ, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ফসলাধির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যা স্মরণকালের মানবিক বিপর্যয় হিসেবে চিহিৃত হয়েছে। মূলতঃ এ দুর্যোগ প্রাকৃতিক নয়। বরং এটি মানবসৃষ্ট বলেই প্রতীয়মান হয়েছে। এর মূল কারণ ছিল, স্বাভাবিক পানি নির্গমনের প্রধান উপায় নদী, নালা, খাল-বিল বেদখল হয়ে যাওয়া, বেদখলকৃত স্থানে বিভিন্ন স্থাপনা গড়ে উঠা। কোথাও কোথাও সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া। ফলে বর্ষা মৌসুমের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হয়। যার ফলশ্রুতিতে ভবিষ্যতেও এ ধরণের দুর্যোগের মোকাবিলা করতে হতে পারে চৌদ্দগ্রামবাসীকে। বর্তমান সরকার জাতীয়ভাবে অগ্রাধিকার ভিত্তিতে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন সহ বন্যা বা অতিবৃষ্টির পানি নির্গমনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চৌদ্দগ্রামবাসীকে অনাগত প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

চান্দিনায় আতিকুল আলম শাওনের গণসংবর্ধনা, হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১০:০৪ এএম
চান্দিনায় আতিকুল আলম শাওনের গণসংবর্ধনা, হাজারো মানুষের অংশগ্রহণে উৎসবমুখর আয়োজন

module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এটিএম মাজহারুল ইসলাম:

চান্দিনা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন-কে সংবর্ধনা জানাতে ব্যতিক্রমধর্মী গণসংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়েছে। উপজেলার চান্দিয়ারা গ্রামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় চার হাজার মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

স্থানীয় সমাজসেবক নাঈমুল হক ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। এ সময় উপস্থিত জনতার করতালি ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এমপি আতিকুল আলম শাওন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করার কথাও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয় জনগণের সঙ্গে একত্রে গণভোজে অংশ নেন তিনি। দীর্ঘ সারিতে বসে হাজারো মানুষের একসঙ্গে খাবার গ্রহণ পুরো আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়।

আয়োজক নাঈমুল হক ভূঁইয়া জানান, নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই এ গণসংবর্ধনা ও গণভোজের আয়োজন করা হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে গণভোজের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়েছে। চান্দিয়ারা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে দিনভর মানুষের ভিড় ও উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল পুরো এলাকা। স্থানীয়দের ভাষ্য, ব্যতিক্রমধর্মী এ আয়োজন দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

×
Skip to toolbar