কুমিল্লায় বিবেকের ছয় বছর কৃষিমন্ত্রীর প্রত্যাশা সৎ নেতৃত্বে সিটি প্রশাসক টিপু
মানবতার ছয় বছরের পথচলায় সংগঠন ‘বিবেক’ কুমিল্লায় গড়ে তুলেছে অনন্য দৃষ্টান্ত। করোনাভাইরাস মহামারির কঠিন সময়ে যখন অনেকেই অসহায় হয়ে পড়েছিল, তখন বিবেকের সদস্যরা ফেরেশতার মতো মানুষের পাশে দাঁড়িয়েছিল। খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা, এমনকি জানাজা ও দাফন-সৎকারের দায়িত্ব পালন করে তারা মানবতার আলো ছড়িয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে বিবেকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ সত্যিকার অর্থে একটি পরিবর্তনের সুযোগ পেয়েছে। এখন মানুষের প্রত্যাশা একটাই-একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন। তিনি সবসময় বলেন-আমি সততা চাই। কারণ বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে।
কুমিল্লার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগের দিক থেকে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এটিকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হলে দক্ষ প্রশাসক এবং ভবিষ্যতে একজন যোগ্য মেয়রের প্রয়োজন।
নবনিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে নিয়ে তিনি বলেন, টিপুর মতো সৎ, যোগ্য ও মানবিক মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন-এটি আমাদের জন্য গর্বের বিষয়। মহামারির সময় তার মানবিক ভূমিকা কুমিল্লার মানুষ কখনো ভুলবে না।
অনুষ্ঠানে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


















