মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলছে বাংলাদেশি কর্মীদের জন্য ব্যয় কমানোর উদ্যোগ
Oplus_131072
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলছে। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসন বিষয়ে একটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম বাজার পুনরায় খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে উভয় পক্ষ সম্মত হয়।
বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মালয়েশিয়ার পক্ষ থেকে নেতৃত্ব দেন দেশটির মানবসম্পদ মন্ত্রী রমনন রামকৃষ্ণন।
বৈঠকে শ্রমিকদের শোষণ রোধে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা, অভিবাসন খরচ কমানো, মধ্যস্থতাকারী নিয়ন্ত্রণ এবং আটকে পড়া শ্রমিকদের দ্রুত নিয়োগের বিষয়ে আলোচনা হয়। মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়, তারা একটি প্রযুক্তি-চালিত এআই-ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যাতে নিয়োগকর্তারা সম্পূর্ণ খরচ বহন করবেন এবং শ্রমিকদের জন্য খরচ শূন্য হবে।
বাংলাদেশের পক্ষ থেকে এই উদ্যোগকে বৈশ্বিক পর্যায়ে বাস্তবায়নের জন্য পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রস্তুতির কথা জানানো হয়। এছাড়া উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা খাতে সহযোগিতা, শিক্ষক বিনিময় এবং মানব পাচার সংক্রান্ত আইনি মামলার বিষয়ে আলোচনা করে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং মালয়েশিয়া সফরের আমন্ত্রণ দেন।
যৌথ সংবাদ বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ অভিবাসনে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেছে এবং একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামোর মাধ্যমে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করেছে।






















