চৌদ্দগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে বাস চালক মিজান নিহত
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা মালবোঝাই একটি ট্রাকের সাথে ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে মিজানুর রহমান ভূঁইয়া (৫৮) নামে বাস চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ভূঁইয়া কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। বৃহস্পতিবার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ জানায়, ফেনী-ট-১১-০২৪০ নম্বরের একটি মালবোঝাই ট্রাক কোনো ধরনের সংকেত বা সতর্কতামূলক সিগন্যাল ছাড়া মহাসড়কের ডান পাশে হঠাৎ দাঁড়িয়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের ঢাকা একটি যাত্রীবাহী বাসটি (মেট্রো-ব-১২-২১৫৭) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে যাওয়া ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের বাম পাশে এবং ট্রাকটি ডান পাশে ছিটকে পড়ে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়া সহ উভয় যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বাসচালক মিজানুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন বাস চালক মিজানুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ী দুটি জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। হাসপাতাল থেকে নিহত বাস চালকের মরদেহ উদ্বার ও দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে পুলিশ। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’











