আ.লীগ নিজের প্রতিও বিশ্বাসঘাতক : আবুল কালাম
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, “আওয়ামী লীগ এত বড় বিশ্বাসঘাতক যে, নিজের প্রতিও তাদের কোনো বিশ্বাস নেই।” তিনি অভিযোগ করেন, “দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে—আমি-ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে তারা। এমনকি আওয়ামী লীগের কর্মীরাও ভোট দিতে পারেনি।”
শনিবার (১৫ নভেম্বর) সকালে লাকসামের কাঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, “সরকার পতনের পর আমরা কোনো প্রতিশোধ নেইনি। আমাদের কোনো কর্মী কারও ক্ষতি করেনি। আমরা হিংসাত্মক রাজনীতি করি না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ মনে করে হিন্দুরা তাদের কেনা গোলাম। এটা ডাহা মিথ্যা। হিন্দু-মুসলমান যুগ যুগ ধরে পাশাপাশি বাস করছে। কে কোথায় ভোট দেবে, সেটা তার গণতান্ত্রিক অধিকার।”
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “তারা বলে হিন্দুদের নিরাপত্তা দেবে। কিন্তু হিন্দুদের জন্ম যেখানে, আমারও জন্ম সেখানে। আমরা তো একসাথে থাকছি। এখন ভোটের সময় এসে তারা নিরাপত্তার কথা বলে বিভ্রান্ত করছে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশে নির্বাচনী হাওয়া বইছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার দল বিএনপি আমাকে কুমিল্লা-৯ আসনে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দিয়েছে। দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের পর এই প্রতীক পেয়েছি। এর পবিত্রতা রক্ষা করাই আমার অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ওয়াদাবদ্ধ, লাকসাম-মনোহরগঞ্জের মানুষ তাদের আমানত অক্ষরে অক্ষরে পালন করবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে প্রমাণ করবো, আমরা আমানতের খেয়ানত করি না।”
সভায় সভাপতিত্ব করেন মুজাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ।



















