কুমিল্লা সেনাবাহিনীর উদ্যোগে ৬ জেলার চার হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে দেশের ৬ জেলার শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
গত ৯ জানুয়ারি থেকে আজ ১৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ৬ জেলার অন্তর্ভুক্ত মোট ১৮টি এলাকায় সফলভাবে সম্পন্ন হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে স্থানীয় দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এসব শীতের কম্বল বিতরণ করা হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সহায়তায় স্থানীয় জনগণের মাঝে মোট চার হাজার পিস শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়—
দাউদকান্দি আর্মি ক্যাম্পের অধীনে চরগোপাল,
চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অধীনে মাস্টারপাড়া এতিমখানা,
কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্পের অধীনে দক্ষিণ সদর জোর কানন ভূমি অফিস এলাকা ও অনন্যপুর আশ্রয় প্রকল্প,
চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের অধীনে শুভপুর ইউনিয়ন,
কুমিল্লা মেঘনা আর্মি ক্যাম্পের অধীনে চালিভাঙ্গা ইউনিয়ন,
দেবিদ্বার, বুড়িচং ও আখাউড়া আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকা,
নোয়াখালী সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ি এলাকা,
ফেনী সদর, দাগনভূঞা ও ফুলগাজী,
এছাড়া লক্ষ্মীপুর সদর ও রায়পুর এলাকায়।
শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া ফেলেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।














