শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মিতুর মৃত্যুকে ঘিরে ডা. কুলসুম আক্তারকে দায়ী করার প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি

সংবাদ বিজ্ঞপ্তি : প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ পিএম
মিতুর মৃত্যুকে ঘিরে ডা. কুলসুম আক্তারকে দায়ী করার প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সিজারিয়ান অপারেশনের পর মিতু নামের একজন সম্মানিত রোগীর অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে। সিজারিয়ান অপারেশনের দুই দিন পর কুমিল্লা মুন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রোগীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

তবে, ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের জন্য প্রয়োজনীয় নিরপেক্ষ চিকিৎসা তদন্ত সম্পন্ন হওয়ার আগেই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. কুলসুম আক্তার, প্রসূতি ও গাইনী বিশেষজ্ঞ ও সার্জনকে সরাসরি দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যেভাবে প্রচার, অপপ্রচার ও ব্যক্তিগতভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

একজন মা ও শিশুর জীবন রক্ষায় চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে এটিও বাস্তবতা যে, যেকোনো জটিল অস্ত্রোপচার বা চিকিৎসা প্রক্রিয়ায় কিছু অনাকাঙ্ক্ষিত চিকিৎসাজনিত জটিলতা (Medical Complications) দেখা দিতে পারে, যা চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে।

আমাদের জানা মতে, সিজারিয়ান অপারেশনের পর রোগী স্বাভাবিকভাবে চলাফেরা ও অন্যান্য স্বাভাবিক কার্যক্রম করছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি এবং মৃত্যুর প্রকৃত কারণ কী ছিল, তা যথাযথ চিকিৎসা মূল্যায়ন ও তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

চিকিৎসা ত্রুটি (Medical Negligence) এবং অনাকাঙ্ক্ষিত চিকিৎসাজনিত জটিলতা (Medical Complication) এক বিষয় নয়। তাই যথাযথ তদন্ত, প্রয়োজনীয় চিকিৎসা নথি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত ছাড়া কোনো চিকিৎসককে সরাসরি দায়ী করা বা অপরাধী হিসেবে উপস্থাপন করা সমীচীন নয়।

একই সঙ্গে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বা ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা হয়ে থাকলে, আমরা তারও প্রতিবাদ জানাই। বিশেষ করে কোনো প্রতিযোগিতামূলক ব্যবসায়িক স্বার্থ বা ব্যক্তিগত বিরোধের কারণে যদি কারও বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়ে থাকে, তাহলে বিষয়টি যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আমরা মনে করি, এ ঘটনায় আবেগ বা অনুমানের পরিবর্তে প্রকৃত তথ্য, চিকিৎসা নথি এবং নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে সত্য উদঘাটন হওয়া উচিত। একই সঙ্গে রোগীর পরিবার যেন ন্যায়সঙ্গতভাবে ঘটনার প্রকৃত কারণ জানতে পারে এবং কোনো নির্দোষ ব্যক্তি যেন অযথা হয়রানি বা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না হন—সেদিকেও সংশ্লিষ্ট সবার দৃষ্টি দেওয়া প্রয়োজন।

 

নিবেদক : মেহেদী হাসান মিরাজ।

দেবিদ্বারে সন্ত্রাসবিরোধী মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ পিএম
দেবিদ্বারে সন্ত্রাসবিরোধী মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন—জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন (৩৪) এবং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. কবির হোসেন (৫০)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রুহুল আমিনকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল হরিমঙ্গল এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা থেকে এবং কবির হোসেনকে দেবিদ্বার উপজেলার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের মাশিকাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অপর গ্রেপ্তার কবির হোসেন দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের মাশিকাড়া গ্রামের জোনা কাজী বাড়ির মৃত আকামত আলীর ছেলে। তিনি দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত হামলার ঘটনায় করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া কবির হোসেনের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দেবিদ্বারের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে নিহত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৬ পিএম
ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে নিহত

Oplus_131072

কুমিল্লার দেবিদ্বারে ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল মতিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার ধামতী ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধ্যবর্তী হাপুড়খাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মতিন দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের পলিয়ারপাড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে নিজ গ্রামের কুরুইন টাইগার ক্লাবের খেলা দেখতে গিয়েছিলেন আব্দুল মতিন। খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হাপুড়খাড়া এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর স্থানীয় একজন ফোন করে বিষয়টি পুলিশকে জানান। মরদেহ সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় সনদ গ্রহণ করতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহফিল চলাকালে মসজিদ থেকে যুবককে তুলে নিয়ে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
মাহফিল চলাকালে মসজিদ থেকে যুবককে তুলে নিয়ে মারধরের অভিযোগ

Oplus_131072

বরিশালের আগৈলঝাড়ায় ঈদে মিলাদুন্নবি উপলক্ষে আয়োজিত মাহফিল চলাকালে মসজিদের ভেতর থেকে আসমান সিকদার (৩২) নামে এক যুবককে বাইরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম বেলুহার এলাকার মহিষখোলা মসজিদে এ ঘটনা ঘটে। আহত আসমান সিকদার ওই এলাকার সরোয়ার সিকদারের ছেলে।

আহত আসমানের ভাষ্য, ঈদে মিলাদুন্নবি উপলক্ষে বৃহস্পতিবার রাতে পশ্চিম বেলুহার মহিষখোলা মসজিদে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের খরচের জন্য তার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছিলেন। ওই টাকা দেওয়ার জন্য তিনি রাতে মসজিদে যান।

আসমান অভিযোগ করেন, তিনি মসজিদের ভেতরে অবস্থানকালে স্থানীয় স্বপন ভূইয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে মসজিদের বাইরে নিয়ে যায়। এরপর তাকে মারধর করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন বলে দাবি করেন আসমান।

স্থানীয় কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মীয় অনুষ্ঠান চলাকালে মসজিদ থেকে একজনকে বাইরে নিয়ে গিয়ে মারধরের অভিযোগের ঘটনায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনাও দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে স্বপন ভূইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবহিত হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×